বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

খেলাধুলা

ক্রিকেট শুধু ঢাকাকেন্দ্রিক থাকবে না বিসিবি পরিচালক মিঠু

আকতার   নিউজ ডেস্ক

২৯ মার্চ ২০২৬


| ছবি: 

দেশের ক্রিকেটকে শুধু রাজধানীর গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতির পাশাপাশি বিসিবির নীতিনির্ধারণী মহলে এখন গুরুত্ব পাচ্ছে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ।
বিপিএলের গত আসরের উদ্বোধনী অনুষ্ঠান সিলেটে আয়োজন করা ছিল এই পরিকল্পনারই একটি অংশ। বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, বোর্ড সভাপতির বিশেষ ইচ্ছাতেই নারী বিপিএলসহ অন্যান্য টুর্নামেন্ট এখন ঢাকার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।
তিনি বলেন, "আমাদের লক্ষ্য হলো খেলাটাকে ঢাকাকেন্দ্রিক থেকে বের করে সারা দেশে ছড়িয়ে দেওয়া। এই প্রথম আমরা সিলেটে বিপিএলের ওপেনিং করেছি। নারী বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানও ঢাকার বাইরে হচ্ছে। এই পদক্ষেপগুলোই প্রমাণ করে আমরা ক্রিকেটের পরিধি বাড়াতে চাই।"
ঢাকার বাইরে খেলা বাড়লে তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করা সহজ হবে বলে মনে করেন মিঠু। তিনি জানান, ভবিষ্যতে আরও বেশি স্কাউট ও নির্বাচক নিয়োগ করা হবে যারা ঢাকার বাইরের ম্যাচগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।
সম্প্রতি বিসিবির নির্বাচক প্যানেলেও বড় রদবদল এসেছে। গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হওয়ার পর প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তার সঙ্গে সহকারী নির্বাচক হিসেবে যুক্ত হয়েছেন অভিজ্ঞ নাদিফ চৌধুরী ও মোহাম্মদ নাঈম ইসলাম। এই প্যানেলে আগে থেকেই কাজ করে আসা হাসিবুল হোসেন শান্তও থাকছেন। মূলত ঘরোয়া ক্রিকেটের ওপর তীক্ষ্ণ নজর রাখতেই এই অভিজ্ঞ সাবেক ক্রিকেটারদের সমন্বয়ে নতুন প্যানেল গঠন করা হয়েছে।
বিসিবি আশা করছে, মাঠের এই বিকেন্দ্রীকরণ এবং অভিজ্ঞ নির্বাচক প্যানেলের সমন্বয়ে দেশের ক্রিকেটে নতুন ও প্রতিভাবান খেলোয়াড়দের উঠে আসার পথ আরও সুগম হবে।