রাজনীতি

ক্ষমতার কাঠামোগত পরিবর্তন হয়নি, শুধু দলবদল হয়েছে: নাহিদ ইসলাম

আকতার   নিউজ ডেস্ক

১৯ এপ্রিল ২০২৬


| ছবি: 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বর্তমান সরকার সংস্কারের সম্ভাবনা ও গণভোটের মাধ্যমে তৈরি হওয়া জনগণের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিচ্ছে। তিনি বলেন, "এই নির্বাচনের মাধ্যমে শুধু একটি দলের জায়গায় আরেকটি দল এসেছে, কিন্তু ক্ষমতার কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি।"রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়।নাহিদ ইসলাম বলেন, এনসিপি শুধু ব্যক্তি বা দলের পরিবর্তন চায় না, বরং ক্ষমতার আমূল পরিবর্তন চায়। তিনি বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সার্বভৌমত্ব অটুট থাকবে এবং দেশ আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবে।" তিনি একটি বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার ওপর জোর দেন।জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, "তরুণরা যত বেশি রাজনীতিতে সংগঠিত হবে, দেশের জন্য ততই মঙ্গল। একই লক্ষ্য নিয়ে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার চেয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে একত্রিত হওয়া এখন সময়ের দাবি।"তিনি আরও উল্লেখ করেন, যারা অতীতে ছাত্রলীগ করেছেন কিন্তু এখন সঠিক পথে ফিরতে চান, তারাও এনসিপিতে যোগ দিতে পারবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জুনায়েদ, সানি ও রিফাত রশীদসহ বেশ কয়েকজন সক্রিয় কর্মী এনসিপিতে যোগ দিয়েছেন।দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, "বিচারব্যবস্থাসহ সব প্রতিষ্ঠান পুনরায় দলীয়করণের শিকার হচ্ছে। এই পরিস্থিতিতে একটি শক্তিশালী বিকল্প শক্তি গড়ে তোলা জরুরি। যারা সরাসরি রাজনীতি করতে চান বা রাজনীতির বাইরে থেকে দেশের কাজ করতে চান, আমরা তাদের সবার সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।"