রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

খেলাধুলা

পেন্ডুলামের মতো দুলল ভাগ্য, পাকিস্তানকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

আকতার   ঢাকা

১৫ মার্চ ২০২৬


| ছবি: 

 

স্পোর্টস ডেস্ক: মাঠজুড়ে ছড়িয়ে পড়ল উত্তেজনার রেণু, গ্যালারিতে তখন নখ কামড়ানো পরিবেশ। তানজিদ হাসানের দুর্দান্ত সেঞ্চুরির পাল্টা জবাব দিচ্ছিলেন সালমান আগা। ১-১ সমতায় থাকা সিরিজ নির্ধারণী ম্যাচে কেউ কাউকে এক চুলও ছাড় দিতে নারাজ। শেষ ওভার, এমনকি শেষ বল পর্যন্ত পেন্ডুলামের মতো দুলতে থাকা সেই রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হাসল বাংলাদেশই।

চরম নাটকীয়তায় ভরা ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিল স্বাগতিকরা। চাপের মুখে স্নায়ু নিয়ন্ত্রণ আর দুর্দান্ত টিম গেমের বদৌলতে আবেগের স্রোতে ভাসল পুরো মিরপুর।

ব্যাট হাতে তানজিদের দাপট

সিরিজের অঘোষিত ফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ৫ উইকেটে ২৯০ রান। দলের পক্ষে ওপেনার তানজিদ হাসান তামিম দুর্দান্ত এক শতক হাঁকিয়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। পাকিস্তানের বোলারদের শাসন করে মিরাজের দল পৌঁছে যায় চ্যালেঞ্জিং স্কোরে।

জবাব দিল পাকিস্তান, পাল্টা কামড় বাংলাদেশের

২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানও লড়াই চালিয়ে যায় সমান তালে। বিশেষ করে সালমান আগার ব্যাটিং এক সময় ভয় ধরিয়ে দিয়েছিল টাইগার শিবিরে। তবে শেষ দিকে বাংলাদেশি বোলারদের দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৭৯ রানেই থামে পাকিস্তানের ইনিংস।

২০১৫-এর পুনরাবৃত্তি

দীর্ঘ বিরতির পর ঘরের মাঠে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে আতিথেয়তা দিল বাংলাদেশ। সর্বশেষ ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। এবার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ২-১ ব্যবধানে সিরিজ জিতে আবারও নিজেদের আধিপত্য বজায় রাখল বাংলাদেশ।