খেলাধুলা

পদ আর ক্ষমতার লড়াইয়ে কি এতটাই অন্ধ?’—বিসিবি কর্তাদের ধুয়ে দিলেন ইমরুল কায়েস

আকতার   নিউজ ডেস্ক

০১ এপ্রিল ২০২৬


| ছবি: 

দেশের ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে যখন চরম অনিশ্চয়তা, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সিসিডিএম-এর শীর্ষ কর্তাদের কঠোর সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ইমরুল কায়েস। বুধবার (১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে কর্মকর্তাদের দায়িত্বজ্ঞান এবং ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
প্রতি বছর ক্রিকেটারদের আয়ের প্রধান উৎস ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)যথাসময়ে শুরু হওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। লিগ শুরুর দাবিতে গতকালই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন বরাবর চিঠি দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব)।"বাংলাদেশ ক্রিকেটের পরিস্থিতি দেখে আর চুপ থাকা সম্ভব হলো না। আমাদের ক্রিকেটের অভিভাবকরা কি পদ আর ক্ষমতার লড়াইয়ে এতটাই অন্ধ হয়ে গেছেন? আপনাদের জেদ আর রেষারেষির কারণে দিনের পর দিন লিগ বন্ধ হয়ে আছে।"
ব্যক্তিগত রেষারেষির কারণে সাধারণ ক্রিকেটারদের কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়ে ইমরুল আরও বলেন, "একবারও কি ভেবে দেখেছেন সেই সব ঘরোয়া ক্রিকেটারদের কথা, যারা শুধুই এই লিগের ওপর নির্ভর করে বেঁচে থাকে? অনেকের সংসার আজ চলা দায় হয়ে পড়েছে, অথচ কারো সেদিকে ভ্রুক্ষেপ নেই।"
কর্তৃপক্ষের সমালোচনা করে এই বাঁ-হাতি ব্যাটার বলেন, "সবাই সবসময় শুধু জাতীয় দল নিয়ে চিন্তিত থাকেন, কিন্তু ক্রিকেট মানেই কেবল জাতীয় দল নয়! জাতীয় দলের পাশাপাশি আমাদের সামগ্রিক ক্রিকেট কাঠামো নিয়ে ভাবা এখন সময়ের দাবি।"ক্রিকেটকে রাজনীতিমুক্ত রেখে দ্রুত মাঠে খেলা ফেরাতে সরাসরি ক্রীড়া মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ইমরুল কায়েস। তিনি সোজাসুজি প্রশ্ন তুলেছেন, "আপনারা যদি ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ক্রিকেটটাই বন্ধ করে দেন, তবে মুখে 'ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছি' বলাটা কি হাস্যকর নয়?"
ইমরুল তার পোস্ট শেষ করেন একটি সতর্কবার্তা দিয়ে— "ক্রিকেট কোনো ব্যক্তির নয়, ক্রিকেট এই দেশের কোটি মানুষের আবেগ। দয়া করে এই খেলাটাকে ধ্বংস করবেন না। ক্রিকেটারদের রুটি-রুজির পথ বন্ধ করবেন না।"