খেলাধুলা

পিএসএলে ধারাভাষ্য দেবেন আতহার: ১১তম আসরের জন্য পিসিবি’র তারকাবহুল প্যানেল

আকতার   নিউজ ডেস্ক

২৪ মার্চ ২০২৬


| ছবি: 

 

স্পোর্টস ডেস্ক: আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের জন্য ধারাভাষ্যকার ও উপস্থাপকদের তালিকা প্রকাশ করেছে পিসিবি। এবারের আসরে আন্তর্জাতিক ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশ থেকে জায়গা করে নিয়েছেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলি খান। বিপিএলসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ধারাভাষ্য দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও পিএসএলে এবারই প্রথম মাইক্রোফোন হাতে দেখা যাবে তাকে।

এবারের আসরের ইংরেজি ধারাভাষ্য প্যানেলে বেশ কিছু চমক রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আতহার আলি খান ছাড়াও আন্তর্জাতিক কণ্ঠ হিসেবে থাকছেন:

  • কার্লোস ব্রেথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ), মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) এবং গ্রিন ব্লুয়েট (অস্ট্রেলিয়া)।

  • এছাড়া নিয়মিত মুখ হিসেবে থাকছেন মাইকেল হেইসম্যান, মার্ক বুচার, নিক নাইট, ডমিনিক কর্ক, জেপি ডুমিনি এবং লিসা স্টালেকার।

  • স্বাগতিকদের মধ্যে থাকছেন কিংবদন্তি ওয়াসিম আকরাম, রমিজ রাজা, আমির সোহেল, বাজিদ খান ও উরুজ মমতাজ খান।

পিএসএলের গত ১০টি আসরে খেলোয়াড় হিসেবে মাঠ মাতালেও এবার সম্পূর্ণ নতুন ভূমিকায় দেখা যাবে অলরাউন্ডার শোয়েব মালিককে। ১১তম আসরে তিনি এক্সক্লুসিভ উর্দু ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করবেন। ৭ সদস্যের এই উর্দু প্যানেলে তার সঙ্গী হিসেবে থাকছেন সাবেক অধিনায়ক সালমান বাট এবং সানা মির। এছাড়া থাকছেন তারিক সাঈদ, মারিনা ইকবাল, শাহ ফয়সাল এবং আয়াজ চৌধুরী।

মাঠ ও স্টুডিওর সঞ্চালক বা প্রেজেন্টার হিসেবে এবারের আসরে অভিষেক হতে যাচ্ছে নেরোলি মেডোস এবং জেস ক্রো’র। তাদের সাথে নিয়মিত মুখ হিসেবে থাকবেন জয়নাব আব্বাস ও সিকান্দার বখত। সিকান্দার বখতকে ধারাভাষ্য এবং উপস্থাপনা—উভয় ভূমিকাতেই দেখা যাবে।

আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত লাহোর ও করাচিতে অনুষ্ঠিত হবে পিএসএলের এই জমজমাট আসর।