রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

আজকের সব খবর

আরব আমিরাতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যার অভিযোগ পরিবারের

আকতার   নিউজ ডেস্ক

১৪ এপ্রিল ২০২৬


| ছবি: 

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা থেকে মো. হেলাল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের সদস্যদের দাবি, হেলাল আত্মহত্যা করেননি; তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।নিহত মো. হেলাল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর আলমের ছেলে। নিহতের বাবা নুর আলম জানান, গত ১১ এপ্রিল শারজাহর ১০ নম্বর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় কর্মরত অবস্থায় হেলালের মৃত্যু হয়। তিনি অভিযোগ করেন, হেলালকে হত্যার পর মরদেহ টয়লেটের ভেতরে ঝুলিয়ে রাখা হয়েছে। পরিবারের অভিযোগ, হেলালের সহকর্মী অথবা কোম্পানির মালিকপক্ষের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।হেলাল ২০২৩ সালের নভেম্বর মাসে কাজের সন্ধানে আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন। শারজাহর ‘নুর আল কামাল পেইন্ট কন্ট্রাক্টিং’ নামের একটি কোম্পানিতে তিনি পেইন্টার হিসেবে কর্মরত ছিলেন। হেলালের অকাল মৃত্যুতে পরিবারে এখন চরম শোকের ছায়া নেমে এসেছে।বাবা নুর আলম বলেন, “আমার ছেলে আত্মহত্যা করার মতো মানুষ নয়। তাকে হত্যা করা হয়েছে। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই, যেন দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করা হয় এবং আমার ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।” এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানিয়েছেন, ঘটনাটি আনুষ্ঠানিকভাবে তাদের জানানো হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।প্রবাসী শ্রমিকের এমন রহস্যজনক মৃত্যুতে কমিউনিটিতে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবার এখন অপেক্ষায় আছে প্রিয়জনের মরদেহটি শেষবারের মতো দেখার।