সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

আজকের সব খবর

দৌলতদিয়ায় বাসডুবি নেই কোনো নিখোঁজ দাবি, পন্টুন সরিয়েও মেলেনি কিছু

আকতার   নিউজ ডেস্ক

২৮ মার্চ ২০২৬


| ছবি: 

দৌলতদিয়ায় বাসডুবি নেই কোনো নিখোঁজ দাবি, পন্টুন সরিয়েও মেলেনি কিছু
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনসহ বাসডুবির ঘটনায় নতুন করে আর কোনো নিখোঁজের দাবি নেই। শনিবার (২৮ মার্চ) সকালে উদ্ধার অভিযান শেষে পন্টুনটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে পন্টুনের নিচে তল্লাশি চালিয়েও নতুন কিছু পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও ঘাট কর্তৃপক্ষ।
শনিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনটি সরিয়ে উদ্ধারকারীরা পুনরায় পানিতে নেমে তল্লাশি চালান। ডুবুরি দল দীর্ঘক্ষণ পানির নিচে কোনো মরদেহ বা প্রয়োজনীয় মালামাল আছে কি না তা খুঁজে দেখেন। তবে তল্লাশি শেষে কোনো কিছুর সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস জানান, সর্বশেষ রিপন নামের এক শ্রমিকের নিখোঁজ থাকার দাবি করা হয়েছিল। তবে পরবর্তীতে রিপনের সন্ধান মিলেছে ঢাকায়। তিনি বর্তমানে সুস্থ আছেন এবং পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। ফলে বর্তমানে এই দুর্ঘটনায় আর কোনো ব্যক্তি নিখোঁজ নেই এবং নিখোঁজের বিষয়ে আর কোনো অভিযোগও জমা পড়েনি।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে বাসডুবির ঘটনা খতিয়ে দেখতে গঠিত পৃথক দুটি তদন্ত কমিটির সদস্যরা দুর্ঘটনাকবলিত বাস ও ঘাট এলাকা পরিদর্শন করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে জানান, দুর্ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
তদন্ত কমিটির পক্ষ থেকে আগামী তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।