বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

আজকের সব খবর

খুলনায় সবজির বাজার স্বস্তিতে থাকলেও উত্তাপ ছড়াচ্ছে মুরগির দাম

আকতার   নিউজ ডেস্ক

২৯ মার্চ ২০২৬


| ছবি: 

খুলনায় সবজির বাজার স্বস্তিতে থাকলেও উত্তাপ ছড়াচ্ছে মুরগির দাম
ঈদের আমেজ কাটলেও খুলনার বাজারে মুরগির দাম কমেনি, বরং চড়া দামেই বিক্রি হচ্ছে। তবে স্বস্তির খবর হলো, সবজির বাজার বর্তমানে স্থিতিশীল রয়েছে। অন্যদিকে মাছের বাজারে সরবরাহ কিছুটা কম থাকলেও দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যেই আছে।
রোববার (২৯ মার্চ) খুলনার বয়রা বাজার, নতুন বাজার ও নিউ মার্কেট বাজার ঘুরে দেখা যায়, বাজারে শীতকালীন ও নতুন সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি বেগুন ৩০-৩৫ টাকা, টমেটো ১০-১৫ টাকা, লাউ প্রতি পিস ৩০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ঢ্যাঁড়স ৪০-৫০ টাকা এবং কাঁচামরিচ ১০০-১২০ টাকা কেজিতে স্থিতিশীল রয়েছে। নিত্যপ্রয়োজনীয় মসলার মধ্যে পেঁয়াজ ৪০-৫০ টাকা, রসুন ৭০-১০০ টাকা এবং আলু ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
সবজির বাজার নিয়ন্ত্রণে থাকলেও মুরগির বাজারে ভিন্ন চিত্র। ঈদের আগে বেড়ে যাওয়া মুরগির দাম এখনো কমেনি। বাজারে বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০-২১০ টাকা, সোনালি মুরগি ৩৩০-৩৫০ টাকা এবং লেয়ার মুরগি ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
নিউ মার্কেট বাজারের মুরগি ব্যবসায়ী হাসান শেখ জানান, গত সপ্তাহের তুলনায় পাইকারি বাজারে কেজিতে ২০-২৫ টাকা বেশি গুণতে হচ্ছে তাদের। সাথে পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।
মাছের বাজারে সরবরাহ তুলনামূলক কম থাকলেও দাম খুব একটা বাড়েনি। আকারভেদে রুই ২২০-২৫০ টাকা, ভেটকি ৫০০-৬০০ টাকা এবং চিংড়ি ৫০০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া ১৩০-১৬০ টাকা, পাঙাশ ১৬০-১৮০ টাকা এবং পাবদা ৩০০-৩৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, ফলন ভালো হওয়ায় এবং সরবরাহ স্বাভাবিক থাকায় সবজির দাম এখন অনেকটাই কম। তবে বয়রা বাজারে আসা ক্রেতা একরামুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, "সবজি ও মাছের দাম ঠিক থাকলেও মুরগির দাম একবার বাড়লে আর কমার নাম নেই। সাধারণ মানুষের জন্য এটা বেশ কষ্টের।"