বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

আজকের সব খবর

তপ্ত বৈশাখ: স্বস্তির বৃষ্টির অপেক্ষায় দেশ, তাপপ্রবাহের কবলে জনজীবন

আকতার   নিউজ ডেস্ক

১৪ এপ্রিল ২০২৬


| ছবি: 

বাঙালির প্রাণের উৎসব নববর্ষের প্রথম দিনে প্রকৃতিতে বইছে তীব্র উত্তাপ। সারাদেশে ক্রমশ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গত শনিবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহ আজও অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৈশাখের প্রথম দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের কবলে থাকবে জনজীবন।আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞ আবুল কালাম মল্লিক জানান, বর্তমানে ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আপাতত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এসব জেলার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজধানীতে আজ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র গরমের মাঝে কিছুটা স্বস্তির খবরও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।তীব্র তাপপ্রবাহের কারণে জনসাধারণকে সচেতন থাকার এবং প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।