আজকের সব খবর

কুমিল্লায় চুরির অভিযোগে দুই যুবককে বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

আকতার   নিউজ ডেস্ক

৩১ মার্চ ২০২৬


| ছবি: 

কুমিল্লায় চুরির অভিযোগে দুই যুবককে বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল কুমিল্লার সদর উপজেলায় চুরির অভিযোগে দুই যুবককে রশি দিয়ে বেঁধে বৈদ্যুতিক শক (ইলেকট্রিক শক) দিয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের সেই শিউরে ওঠা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মনশাসন এলাকায় এই ঘটনাটি প্রকাশ্যে আসে।স্থানীয় সূত্রে জানা যায়, মনশাসন এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসাবাড়ি ও মসজিদে চুরির ঘটনা ঘটছিল। গত শুক্রবার (২৭ মার্চ) ভোরে মনশাসন জামে মসজিদ থেকে মাইকের ব্যাটারি চুরির সময় স্থানীয়রা মো. নাঈম (২৬) ও তার এক সহযোগীকে হাতেনাতে আটক করে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই যুবককে রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। উত্তেজিত জনতা তাদের মারধরের পাশাপাশি বৈদ্যুতিক তার দিয়ে শরীরে শক দিচ্ছে। এসময় যুবকদের বাঁচার জন্য আর্তচিৎকার করতে দেখা গেলেও নির্যাতন থামেনি। নির্যাতনের শিকার নাঈম ওই গ্রামেরই জহিরের ছেলে এবং তার সহযোগী নগরীর শাসনগাছা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ময়নামতি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক হোসেন জানান, “ভাইরাল ভিডিওর সূত্র ধরে আমরা তদন্ত শুরু করেছি। প্রাথমিক তথ্যানুযায়ী, নাঈম ও তার সহযোগী মসজিদ থেকে ব্যাটারি চুরির সময় ধরা পড়লে স্থানীয়রা তাদের ওপর চড়াও হয়।”তিনি আরও যোগ করেন, বর্তমানে ওই দুই যুবক আত্মগোপনে থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে নির্যাতন করা দণ্ডনীয় অপরাধ। এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।চুরির অপরাধ থাকলেও এভাবে মধ্যযুগীয় কায়দায় বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতনের ঘটনায় স্থানীয় সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অপরাধীকে পুলিশের হাতে তুলে না দিয়ে নিজেরা আইন হাতে তুলে নেওয়াকে আইনের শাসনের পরিপন্থী হিসেবে দেখছেন বিশ্লেষকরা।