বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

আজকের সব খবর

জ্বালানির রেকর্ড দাম বৃদ্ধি: বাস ভাড়া ৪০ শতাংশ বাড়ানোর দাবি মালিক সমিতির

আকতার   নিউজ ডেস্ক

১৯ এপ্রিল ২০২৬


| ছবি: 

দেশে জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া ৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছে বাস মালিক সমিতি। আজ রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পরিবহন মালিক সমিতির মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে নতুন ভাড়া নিয়ে চূড়ান্ত আলোচনা হবে।শনিবার (১৮ এপ্রিল) রাতে সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম এক লাফে সর্বোচ্চ পর্যায়ে বাড়ানো হয়। আজ থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা ও পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জুবায়ের মাসুদ জানান, ২০২২ সালে যখন ভাড়া নির্ধারণ করা হয়েছিল, তখন ডলারের বিনিময় হার ছিল ৮২ টাকা, যা বর্তমানে ১২৪ টাকা ছাড়িয়েছে। ডলারের দাম বাড়ায় যন্ত্রাংশের মূল্য বৃদ্ধি এবং এখন তেলের দাম বাড়ার ফলে ভাড়া বাড়ানো ছাড়া মালিকদের সামনে আর কোনো পথ নেই।বিআরটিএ’র পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আজ সকাল থেকেই রাজধানীর অধিকাংশ রুটে চালক ও সহকারীরা অঘোষিতভাবে বাড়তি ভাড়া আদায় করছেন।সরেজমিনে দেখা গেছে, শাহজালাল বিমানবন্দর থেকে মহাখালী বা বাড্ডা লিংক রোডের মতো দূরত্বে যেখানে ভাড়া ছিল ২০ টাকা, আজ সেখানে ৩০ টাকা করে রাখা হচ্ছে। এ নিয়ে দিনভর বাসে বাসে যাত্রী এবং পরিবহন শ্রমিকদের মধ্যে বাগবিতণ্ডা ও চরম অসন্তোষ দেখা গেছে। যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত হারের তোয়াক্কা না করে ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে পকেট কাটা হচ্ছে।বিআরটিএ সূত্রে জানা গেছে, পরিবহন মালিকদের পক্ষ থেকে ছয় মাস আগেই ভাড়া ৪০ শতাংশ বৃদ্ধির একটি প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তখন বিবেচনায় নেওয়া হয়নি। তবে আজকের বৈঠকে বর্তমান জ্বালানি সংকটের বাস্তবতা বিবেচনা করে নতুন একটি ভাড়া সমন্বয় করা হতে পারে।