আজকের সব খবর

চকরিয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

আকতার   নিউজ ডেস্ক

০১ এপ্রিল ২০২৬


| ছবি: 

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনার চারা বটতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।মারা যাওয়া শিশুরা হলো— চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৮) এবং চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনার চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুজাইফা জান্নাত (৫)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু বকেয়া মনি কয়েকদিন আগে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার দুপুরে বকেয়া মনি ও তার মামাতো বোন হুজাইফাসহ আরও কয়েকজন মিলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে শিশু দুটি পুকুরের গভীর অংশে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেড়াতে এসে এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী এবং কোনো অভিযোগ না থাকায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।