রাজনীতি

১৭ হাজার কোটি টাকা খরচ হলেও আন্ডারপাস কোথায়? সংসদে মন্ত্রীর জবাব নিয়ে প্রশ্ন

আকতার   নিউজ ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬


| ছবি: 

জাতীয় সংসদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উন্নয়ন প্রকল্প এবং জনদুর্ভোগ নিয়ে সড়ক পরিবহন মন্ত্রীর দেওয়া বক্তব্যে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। আজ সোমবার সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্নের সুযোগ পেয়ে তিনি এই প্রতিক্রিয়া জানান।মনিরুল হক চৌধুরী তার বক্তব্যে অভিযোগ করেন যে, সাড়ে ১৭ হাজার কোটি টাকা খরচ হলেও কাঙ্ক্ষিত আন্ডারপাস বা ওভারপাস নির্মিত হয়নি। তিনি বলেন, "আমি প্রশ্ন করেছি, এত টাকা খরচ হলো কিন্তু আন্ডারপাস কোথায় গেল? অনুমোদিত ওভারপাসটি কেন হলো না? ২০১৪ সালের নির্বাচনের সময় ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করা হয়েছিল, এরপর অনেক মানুষ মারা গেলেও কেউ ক্ষতিপূরণ পায়নি।"মন্ত্রীর আশ্বাসকে আমল না দিয়ে তিনি আরও বলেন, "মন্ত্রী মহোদয় বললেন ওভারপাস হবে, এক্সপ্রেসওয়ে হবে—এই রবীন্দ্রসংগীত বহু শুনেছি। আমাদের শান্তিমতো মরতে দিন। সচিবরা এবং যারা টাকা লুণ্ঠন করেছে তারা যা শিখিয়ে দিয়েছে, মন্ত্রী তাই বলছেন। আমি এর প্রতিবাদ করছি।" মনিরুল হক চৌধুরীর বক্তব্যের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, প্রকল্পটি আগে থেকেই চলমান। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেন করার প্রকল্পে ওই অঞ্চলের যানবাহন চলাচল ও মোড়গুলোতে শৃঙ্খলা ফেরাতে নতুন পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে।মন্ত্রী বলেন, "পূর্ববর্তী প্রকল্পের যতটুকু সংশোধন করা সম্ভব, আমরা ততটুকু করতে পারছি। সরকার নতুন এসেছে। সংসদ সদস্য আমাকে বিষয়টি জানিয়েছেন এবং আমি সচিবসহ সংশ্লিষ্টদের সেখানে পাঠিয়েছি। কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আশা করি দ্রুততম সময়ে কিছু দৃশ্যমান হবে।"এক পর্যায়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মন্ত্রীর কাছে জানতে চান, এসব পদক্ষেপে কি মনিরুল হক চৌধুরীর সমস্যার সমাধান হবে? জবাবে মন্ত্রী স্পষ্টভাবে বলেন, "আংশিক হবে।"