বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

রাজনীতি

সৌজন্যের অনন্য দৃষ্টান্ত: বিরোধীদলীয় নেতাকে এগিয়ে দিলেন প্রধানমন্ত্রী

আকতার   নিউজ ডেস্ক

৩১ মার্চ ২০২৬


| ছবি: 

সৌজন্যের অনন্য দৃষ্টান্ত: বিরোধীদলীয় নেতাকে এগিয়ে দিলেন প্রধানমন্ত্রী
জাতীয় রাজনীতিতে সৌজন্যবোধের এক বিরল ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ সচিবালয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে তাকে নিজ কার্যালয়ের পথ পর্যন্ত এগিয়ে দিয়ে সম্মান জানান প্রধানমন্ত্রী। এর আগে দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পাশাপাশি দাঁড়িয়ে অংশগ্রহণ করেন। জানাজা শেষে দুই নেতা যখন একসঙ্গে সংসদ ভবনের দিকে ফিরছিলেন, তখন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ তাকে সংসদ সচিবালয়ে অবস্থিত নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে প্রায় ২০ মিনিটব্যাপী এক সংক্ষিপ্ত ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা যখন বিদায় নিচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রী স্বয়ং তাকে তাঁর সংসদ সচিবালয় কার্যালয় অভিমুখে খানিকটা পথ এগিয়ে দেন।অতিরিক্ত প্রেস সচিবের বক্তব্য: দুই নেতার এই সাক্ষাৎ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী সবসময়ই রাজনৈতিক প্রতিপক্ষ ও বিশিষ্টজনদের প্রতি যথাযথ সম্মান ও সৌজন্য প্রদর্শন করেন।তিনি আরও বলেন, "নির্বাচনের আগে এবং দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এই উদার ও মার্জিত আচরণ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। আজকের এই ঘটনাও তাঁর সেই স্বাভাবিক সৌজন্যবোধেরই একটি উজ্জ্বল বহিঃপ্রকাশ।"রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের শীর্ষ দুই নেতার মধ্যে এমন হৃদ্যতাপূর্ণ আচরণ ও সৌজন্য বিনিময় দেশের গণতান্ত্রিক পরিবেশকে আরও সুসংহত করবে।