রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরকে স্বপদে বহাল

আকতার   নিউজ ডেস্ক

১৭ এপ্রিল ২০২৬


| ছবি: 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে তদন্ত প্রক্রিয়া শেষে তাকে স্বপদে বহাল করে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, পূর্বে সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপিত হলে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল এবং সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও তদন্তকারী সংস্থা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান ও পর্যালোচনা করেছে। বিশেষত, তার বিরুদ্ধে আনীত দুর্নীতি ও কমিশন সংক্রান্ত অভিযোগগুলোর স্বপক্ষে তদন্তে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ন্যায়বিচার ও সাংগঠনিক নীতিমালার আলোকে তার বিরুদ্ধে জারিকৃত আগের সব আদেশ প্রত্যাহার করা হয়েছে। তাকে অবিলম্বে পূর্বের ন্যায় নিয়মিত সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রমে পুনরায় যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।পাশাপাশি, দলের সুনাম বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সালাউদ্দিন তানভীরের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব।