রাজনীতি

গণভোটের রায় না মানলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না: সরকারকে হুঁশিয়ারি শিশির মনিরের

আকতার   নিউজ ডেস্ক

১৩ এপ্রিল ২০২৬


| ছবি: 

 সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির সরকারের উদ্দেশে বলেছেন, "উপর দিকে চেয়ে থুতু ফেললে তা নিজেদের গায়েই পড়বে।" তিনি সরকারকে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মিসাইল ছুড়লে তার নিয়ন্ত্রণ হাতে রাখতে হয়, অন্যথায় তা নিজেই নিজেদের ধ্বংসের কারণ হতে পারে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে তিনি কি-নোট পেপার উপস্থাপন করেন। অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, মাওলানা মামুনুল হক ও নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন। আইনজীবী শিশির মনির গণভোটের রায় মেনে নিয়ে দ্রুত সংবিধান সংস্কার সভার (কনস্টিটিউশনাল রিফর্ম অ্যাসেম্বলি) অধিবেশন ডাকার দাবি জানান। তিনি সতর্ক করেন যে, এই রায় বাস্তবায়ন না করলে দেশ নতুন করে বড় ধরনের সাংবিধানিক ও অনাস্থা সংকটে পড়বে। তিনি বিশ্বের ২৬টি দেশের উদাহরণ দিয়ে বলেন, ইতিহাসে এমন কোনো নজির নেই যেখানে গণভোটের রায় সরকার মানেনি। তিনি রাজনৈতিক সমস্যার সমাধান আদালতে না খুঁজে রাজনৈতিকভাবে করার ওপর জোর দেন এবং অতীতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের বিতর্কিত ভূমিকার কঠোর সমালোচনা করেন।তিনি আশা প্রকাশ করেন যে, ১৯ এপ্রিল আদালত খোলার পর সংবিধান সংস্কারের বিষয়টি গুরুত্ব পাবে এবং আদালত সরকারের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে।