বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

রাজনীতি

সংসদকে যেন ফ্যাসিস্ট ও তাদের দোসররা কলুষিত করতে না পারে: নাহিদ ইসলাম

আকতার   ঢাকা

১৩ মার্চ ২০২৬


| ছবি: 

 

সংসদ প্রতিবেদক 

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ফ্যাসিবাদমুক্ত সংসদের দাবি তুলে এক কড়া বক্তব্য দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের দৃষ্টি আকর্ষণ করে নাহিদ ইসলাম বলেন, "আজ সবাই একবাক্যে স্বীকার করে নিয়েছেন যে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কারণেই আমরা এই মহান সংসদে বসতে পেরেছি। এখানে উপস্থিত আমরা সবাই ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সৈনিক।"

স্পিকারের কাছে জোরালো দাবি জানিয়ে তিনি আরও বলেন, "আপনার প্রতি আমাদের সবিনয় নিবেদন থাকবে—কোনো ফ্যাসিস্ট বা তাদের দোসর যেন এই পবিত্র সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করার সুযোগ না পায়।" উল্লেখ্য, অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার কথা থাকায় এই বক্তব্যকে রাষ্ট্রপতির প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

বিগত সরকারের আমলের অপরাধের কঠোর বিচার দাবি করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, "আমরা জুলাই গণহত্যার পূর্ণাঙ্গ বিচার চাই। শহীদ শরিফ ওসমান হাদি হত্যাসহ বিগত সময়ের সকল গুম-খুন, লুটপাট ও ভয়াবহ দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।"