রাজনীতি

রাজধানীতে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর বৈশাখী শোভাযাত্রা

আকতার   নিউজ ডেস্ক

১৪ এপ্রিল ২০২৬


| ছবি: 

রাজধানীতে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর বৈশাখী শোভাযাত্রানববর্ষের নব স্বপ্নে নব উদ্যমে জাগো’—এই স্লোগানকে সামনে রেখে পহেলা বৈশাখে রাজধানীতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাব থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে রমনা পার্ক অভিমুখে যাত্রা করে। শোভাযাত্রায় শিশু-কিশোর ও নারীসহ বিভিন্ন বয়সী মানুষকে ঐতিহ্যবাহী সাজে অংশ নিতে দেখা যায়। শোভাযাত্রা শেষে রমনার বটমূলে সকাল ১০টা থেকে শুরু হয় বৈশাখী উৎসব। এই আয়োজনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর একাধিক শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন। এদের মধ্যে অন্যতম হলেন—জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসাইন এবং সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক সাইফুল্লাহ মানসুর। এছাড়াও জামায়াতে ইসলামীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দেশীয় সাংস্কৃতিক সংসদের এই আয়োজনে চিরায়ত বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উৎসবে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, জারি-সারি, গম্ভীরা, আবৃত্তি, পুঁথিপাঠ ও নাটিকা পরিবেশন করা হচ্ছে। দিনব্যাপী নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলা নববর্ষের মূল চেতনাকে তুলে ধরাই এই আয়োজনের লক্ষ্য।