বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

রাজনীতি

পহেলা বৈশাখে রিকশা-ভ্যানচালকদের পান্তা-ভাত উৎসব

আকতার   নিউজ ডেস্ক

১৪ এপ্রিল ২০২৬


| ছবি: 

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে এক ভিন্নধর্মী আয়োজন করেছে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমজীবী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই বৈশাখী মিলনমেলা ও পান্তা-ভাত উৎসব। বাংলা নববর্ষের প্রথম দিনটিকে উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং শ্রমজীবী মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতেই এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। নববর্ষের সকালে রিকশা, ভ্যান ও অটোচালকরা একাত্ম হয়ে এই উৎসবে অংশ নেন। ভোরের আলো ফুটতেই নয়াপল্টন এলাকায় এক উৎসবমুখর আবহ তৈরি হয়।আয়োজনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের সমন্বয়ক মো. আরিফুল ইসলাম তুষার। এছাড়াও সংগঠনের সদস্য আলী আজগর, হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে চালক ভাইদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নববর্ষের শুভেচ্ছা জানান।সংগঠনের সমন্বয়ক মো. আরিফুল ইসলাম তুষার বলেন, “পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির অংশ। শ্রমজীবী মানুষের ঘামেই এই শহর সচল থাকে। আমরা চেয়েছি নববর্ষের এই দিনে তাদের সঙ্গে মিলেমিশে উৎসবের আমেজ ভাগ করে নিতে।”ঐতিহ্যবাহী পান্তা-ভাত আর উৎসবের আমেজে কাটানো এই আয়োজন সাধারণ শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।