বিনোদন

৭০ দেশে ঝড় তুলেছে তুর্কি সিরিজ ‘ভেন্ডেটা’, নেপথ্যে কী?

আকতার   নিউজ ডেস্ক

২৮ মার্চ ২০২৬


| ছবি: 

৭০ দেশে ঝড় তুলেছে তুর্কি সিরিজ ‘ভেন্ডেটা’, নেপথ্যে কী?
বিশ্বজুড়ে তুর্কি সিরিজের জয়জয়কার নতুন কিছু নয়। ইতিহাসনির্ভর মহাকাব্যিক গল্প, রুদ্ধশ্বাস অ্যাকশন, আর মনছোঁয়া রোমান্স—সব মিলিয়ে তুরস্কের কনটেন্ট এখন আন্তর্জাতিক বিনোদন বাজারের অন্যতম প্রধান আকর্ষণ। ‘মুহাতেশেম ইউযিউয়েল’ (সুলতান সুলেমান) বা ‘দিরিলিস আরতুগ্রুল’-এর মতো কালজয়ী সিরিজগুলোর পর, এবার বিশ্ববাজারে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে তুর্কি সিরিজ ‘ভেন্ডেটা’। তুরস্কের স্থানীয় ভাষায় যার নাম ‘কান চিচেকলেরি’।
অবাক করার মতো তথ্য হলো, মুক্তির অল্প সময়ের মধ্যেই সিরিজটি বিশ্বের ৭০টিরও বেশি দেশে জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু কী এমন আছে এই সিরিজে, যা আন্তর্জাতিক দর্শকদের এভাবে মুগ্ধ করল?
রেইনস পিকচার্স ও ইউনিক ফিল্মস প্রযোজিত এই সিরিজটি প্রথম পর্দায় আসে ২০২২ সালে। প্রথম সিজনের ব্যাপক সাফল্যের পর ২০২৩ সালে দ্বিতীয় এবং ২০২৪ সালে তৃতীয় সিজন সম্প্রচারিত হয়। প্রতিটি সিজনেই দর্শকনন্দিত হয়েছে সিরিজটি, যার প্রমাণ মেলে এর আন্তর্জাতিক চাহিদায়।
তুরস্ক পেরিয়ে বিশ্বজয়ে ‘ভেন্ডেটা’
সিরিজটির আন্তর্জাতিক পরিবেশক ‘গ্লোবাল এজেন্সি’ নিশ্চিত করেছে যে, তুরস্কের গণ্ডি পেরিয়ে জর্জিয়া, রোমানিয়া, পোল্যান্ড, বুলগেরিয়া, ইউক্রেন, কাজাখস্তান ও পাকিস্তানসহ ৭০টিরও বেশি দেশে এর স্বত্ব বিক্রি হয়েছে। প্রায় সব দেশেই সিরিজটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
গ্লোবাল এজেন্সির প্রধান ইজ্জেত পিন্টু আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি-কে জানান, গত বছর সিরিজটি বৈশ্বিক বাজারে উন্মুক্ত করার পর থেকেই দর্শকদের আগ্রহ দ্রুত বাড়তে থাকে। অনেক দেশেই এটি জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে এবং অভিনয়শিল্পীরাও বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন।
নারীবাদী দৃষ্টিভঙ্গি ও বাস্তবধর্মী নির্মাণ
ইজ্জেত পিন্টু এই সিরিজের সাফল্যের অন্যতম প্রধান কারণ হিসেবে এর নারী চরিত্রগুলোর বাস্তবধর্মী উপস্থাপনকে উল্লেখ করেছেন। তিনি জানান, সিরিজটির নারী চরিত্রগুলো দর্শকরা বিশেষভাবে পছন্দ করেছেন। এই বাস্তবধর্মী উপস্থাপনার পেছনে রয়েছে একটি শক্তিশালী নারী নির্মাণ দল। চিত্রনাট্যকার ও ক্রিয়েটিভ টিমে উল্লেখযোগ্য সংখ্যক নারীকে যুক্ত করা হয়েছে। এই সিরিজের মাধ্যমেই অনেক নতুন মুখের অভিনেত্রী এখন আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পেয়েছেন।
 প্রতিশোধ বনাম ভালোবাসা
‘ভেন্ডেটা’ বা ‘কান চিচেকলেরি’র গল্পের কেন্দ্রে রয়েছে প্রেম, গভীর আবেগ, বিশ্বাসঘাতকতা এবং শতাব্দীর পুরনো প্রতিশোধের দ্বন্দ্ব। দীর্ঘদিন ধরে দুটি পরিবারের মধ্যে চলতে থাকা রক্তক্ষয়ী বিরোধ মেটাতে একসময় এক কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়। দুই পরিবারের সদস্য বারান ও দিলানের বিয়ে দেওয়ার মাধ্যমে এই বিবাদের ইতি টানার চেষ্টা করা হয়।
নিজেদের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও পরিবারের স্বার্থে ও রক্তপাত থামাতে তারা এই অমত বিয়েতে বা বাধ্য হয়। ভালোবাসাহীন এক সম্পর্ক দিয়ে শুরু হলেও, ধীরে ধীরে গল্প মোড় নেয় ভিন্ন দিকে। পর্দায় বারান ও দিলান চরিত্রে অভিনয় করেছেন বারিস বাকতাস ও ইয়াগমোর ইয়ুকসে। তাদের অনবদ্য অভিনয় এবং গল্পের নাটকীয় মোড় দর্শকদের চুম্বকের মতো ধরে রেখেছে।
সব মিলিয়ে, শক্তিশালী গল্প, দুর্দান্ত নির্মাণশৈলী এবং বাস্তবধর্মী চরিত্রের কারণেই ‘ভেন্ডেটা’ আজ বিশ্ব বিনোদনের এক নতুন নাম।