বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

বিনোদন

শিল্পা কেন হলিউডে যাননি

আকতার   ঢাকা

২১ জানুয়ারী ২০২৫


| ছবি: 

বড়পর্দায় তাকে তেমনভাবে এখন দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পা শেঠির ব্যক্তিগত জীবন সম্পর্কে মোটামুটি ওয়াকিবহল সবাই। শরীরচর্চা এবং যোগ ব্যায়াম করার পরে দিনের বেশির ভাগ সময় পরিবারকে দিতেই পছন্দ করেন তিনি। তবে যেখানে আর পাঁচজন বলিউড অভিনেত্রী হলিউডে যাওয়ার সুযোগ হাতছাড়া করেন না, সেখানে একসময় সুযোগ থাকা সত্ত্বেও কেন হলিউডে যাননি তিনি? 

৪৯ বছর বয়সি শিল্পা সম্প্রতি লন্ডনে নববর্ষ কাটিয়ে ফিরেছেন দেশে। মকরসংক্রান্তি এবং লোহরি উৎসব কাটিয়েছেন পরিবারের সঙ্গে। তবে পরিবারের পাশাপাশি মোটামুটি এখন কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন শিল্পা। ‘কেডি-দ্য ডেভিল’ নামক একটি কন্নড় সিনেমায় কাজ করতে দেখা যাবে শিল্পাকে। এ সিনেমার হাত ধরেই প্রথম বলিউডের বাইরে কাজ করবেন তিনি।

কন্নড় সিনেমায় যখন তিনি কাজ করছেন, তাহলে কেন একসময় সুযোগ থাকলেও হলিউডে যাননি তিনি? কেন ২০০৭ সালে বিগ ব্রাদার সিজন ৫ জেতার পরেও হলিউডে কাজ করার হাতছানি উপেক্ষা করেছিলেন তিনি? হলিউডে কাজ করার প্রসঙ্গে প্রশ্ন করায় হেসে শিল্পা বলেন, ‘আমি মনে করি আমি অত্যন্ত উচ্চাভিলাষী নই। আমার মনে হয়নি, তাই আমি যাইনি।’

তিনি আরও বলেন, ‘আমি আমার জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। আমি যা পরিশ্রম করেছি, যা অর্জন করেছি তাতে আমি ভীষণ সন্তুষ্ট। তাই আমি মনে করি না, হলিউডে অডিশন দেওয়ার কোনো প্রয়োজন ছিল আমার। বলিউডে কাজ করি আমি খুবই সন্তুষ্ট।’

পরিবার প্রসঙ্গে কথা বলতে গিয়ে শিল্পা বলেন, ‘আমার কাজের পাশাপাশি আমার পরিবারকেও আমায় সময় দিতে হয়। আমি যদি হলিউডে কাজ করতাম তাহলে ছেলেমেয়েকে সময় দিতে পারতাম না। এটা আমি চাইনি। এত দিন ওদের ছাড়া থাক আমার পক্ষে সম্ভব না। তাই আমার কাছে যেটুকু রয়েছে, তাতেই আমি খুশি।’ 

প্রসঙ্গত, ২০২১ সালের জুলাই মাসে পর্নোগ্রাফি ছবি বানানোর অপরাধে যখন রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করা হয়, তখন স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন শিল্পা। পরিবারের সব খারাপ সময়ে শিল্পা যে সব সময় থাকেন, এ ঘটনা থেকেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। তাই একজন দুর্দান্ত অভিনেত্রী হওয়ার পাশাপাশি শিল্পা একজন ভালো স্ত্রী এবং সুপার মম।