বিনোদন

একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা ডালিয়া নওশীন আর নেই

আকতার   নিউজ ডেস্ক

০১ এপ্রিল ২০২৬


| ছবি: 

একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা ডালিয়া নওশীন আর নেই
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিশিষ্ট কণ্ঠযোদ্ধা ও প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশীন পরলোকগমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টা ৫৭ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।শিল্পীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার খালাতো বোন ও প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী সাদিয়া আফরিন মল্লিক। তিনি জানান, ডালিয়া নওশীন দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। গত ২৭ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, বুধবার বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী, যারা বর্তমানে যুক্তরাষ্ট্র ও স্পেনে বসবাস করছেন।বাংলাদেশের সংগীতাঙ্গনে ডালিয়া নওশীন ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে তার কণ্ঠ মুক্তিকামী মানুষকে অনুপ্রাণিত করেছিল। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে বাংলাদেশ সরকার তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত করে।প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলামের কন্যা ডালিয়া নওশীনের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।