বিনোদন

বিয়ের ১০ বছর পর মা হচ্ছেন দিব্যাঙ্কা: সুখবরটি এতদিন গোপন রাখার কারণ জানালেন অভিনেত্রী

আকতার   ঢাকা

১৯ মার্চ ২০২৬


| ছবি: 

 

বিনোদন ডেস্ক 

ভারতীয় হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ দিব্যাঙ্কা ত্রিপাঠি। বিয়ের প্রায় এক দশক পর প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন ‘ইয়ে হ্যায় মহব্বতে’ খ্যাত এই অভিনেত্রী। স্বামী বিবেক দাহিয়ার সঙ্গে দীর্ঘ প্রতীক্ষার পর জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে চলায় ভক্তদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

'ইন্ডিয়া টুডে'-র প্রতিবেদন অনুযায়ী, দিব্যাঙ্কা বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। এতদিন এই সুখবরটি লোকচক্ষুর অন্তরালে রেখেছিলেন এই তারকা দম্পতি। বিষয়টি গোপন রাখার কারণ হিসেবে দিব্যাঙ্কা জানান, গত কয়েক মাস তিনি জনসমক্ষে খুব একটা আসেননি এবং প্রায় ঘরবন্দি জীবন কাটিয়েছেন। ফলে কোনো ধরনের জল্পনা ছাড়াই ব্যক্তিগত এই আনন্দ উপভোগ করতে পেরেছেন তারা।

বিয়ের অনেক বছর পর সন্তান নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে দিব্যাঙ্কা বলেন:

“আমি আর বিবেক ঠিক এই সময়টাতেই আমাদের পরিবার পূর্ণ করতে চেয়েছিলাম। আমরা চেষ্টা করেছি এবং সফল হয়েছি। আমরা সত্যি আশীর্বাদপ্রাপ্ত। এই খবরে আমাদের দুই পরিবারের সবাই ভীষণ আনন্দিত।”

সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে এই তারকা দম্পতির কোলজুড়ে আসবে নতুন অতিথি। সন্তান ছেলে হোক বা মেয়ে—তা নিয়ে কোনো বিশেষ অগ্রাধিকার নেই এই যুগলের কাছে।

অভিনেতা শরদ মালহোত্রার সঙ্গে দীর্ঘ আট বছরের ‘বিষাক্ত’ সম্পর্কের ইতি টানার পর সহ-অভিনেতা বিবেক দাহিয়ার মাঝে ভালোবাসা খুঁজে পান দিব্যাঙ্কা। ২০১৬ সালের ৮ জুলাই ভোপালে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ১০ বছরের সুখী দাম্পত্য জীবনে এবার যুক্ত হতে যাচ্ছে নতুন এক মাত্রা।