বিনোদন

এসি বিকল, শাকিবের সিনেমার টিকিট ফেরত: ক্ষুব্ধ দর্শকরা

আকতার   নিউজ ডেস্ক

২৬ মার্চ ২০২৬


| ছবি: 

বিনোদন ডেস্ক

মুক্তির শুরু থেকেই একের পর এক প্রতিকূলতার মুখে পড়ছে শাকিব খান অভিনীত মেগা প্রজেক্ট ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সার্ভার জটিলতার পর এবার যোগ হলো হলের কারিগরি ত্রুটি। এসি বিকল থাকায় দর্শকদের টিকিটের টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে রাজধানীর শীর্ষস্থানীয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে ছবিটির পরিচালক আবু হায়াত মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা জানান। তিনি উল্লেখ করেন, স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার (ধানমন্ডি) শাখার দুপুর ১টা ৫০ মিনিটের শো-টি পুরোপুরি ‘হাউজফুল’ ছিল। কিন্তু হলের এসি নষ্ট হয়ে যাওয়ায় দর্শকদের স্বস্তি নিশ্চিত করতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। ফলে শো বাতিল করে সবার টাকা ফেরত দেওয়া হয়।

ক্ষোভ প্রকাশ করে পরিচালক তার ফেসবুক পোস্টে লিখেছেন:

“আজকে তো ঠিক হবে না, কালও ঠিক হবে কি না জানে না। এটা শুধু ‘প্রিন্স’-এর সাথেই সম্ভব। আপনারাই বলুন, একটা সিনেমাকে ধ্বংস করার জন্য আর কী বাকি আছে!”

সিনেমাটি ১৩৩টি হলে মুক্তি পেলেও অনেক জায়গায় নির্ধারিত সময়ে সার্ভারে ডিসিপি (DCP) না পৌঁছানোয় প্রদর্শনী শুরু করা সম্ভব হয়নি। টিকিট কেটেও সিনেমা দেখতে না পেরে দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে দর্শকরা উত্তেজিত হয়ে ভাঙচুর চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

পবিত্র ঈদুল ফিতরেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ডিসিপি সংক্রান্ত কারিগরি জটিলতার কারণে মুক্তি বিলম্বিত হয়। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ এবং ওপার বাংলার জ্যোতির্ময়ী কুণ্ডু।

সংশ্লিষ্টরা মনে করছেন, বড় বাজেটের এই সিনেমার শুরুতে এমন অব্যবস্থাপনা এবং হলের এসি বা সার্ভার জটিলতা সিনেমাটির বক্স অফিস আয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।