বিনোদন

বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা: ‘আইন মেনেই সম্পন্ন হবে বিবাহ’

আকতার   নিউজ ডেস্ক

০১ এপ্রিল ২০২৬


| ছবি: 

শিশুশিল্পী হিসেবে পরিচিত মুখ সিমরিন লুবাবার বিয়ে নিয়ে গত ২৪ ঘণ্টা ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে আলোচনার ঝড়। কেউ জানাচ্ছেন শুভকামনা, আবার কেউ তুলছেন বাল্যবিবাহের অভিযোগ। তবে এই শোরগোলের মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন লুবাবা।গত মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাগদত্তার সঙ্গে একটি ছবি পোস্ট করেন লুবাবা। সেখানে তিনি লেখেন, "আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।" এই পোস্টের পরেই নেটিজেনদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে লুবাবা বিয়ে করে ফেলেছেন।বিয়ের খবরটি অস্বীকার করে লুবাবা গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি এখনই বিয়ে করেননি; শুধুমাত্র দুই পরিবারের সম্মতিতে আংটিবদল বা বাগদান সম্পন্ন হয়েছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি বিষয়টি আরও স্পষ্ট করেন। লুবাবা লেখেন:"বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী, নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশা আল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।"বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। লুবাবার বয়স এখনো ১৮ পার না হওয়ায় নেটিজেনদের একটি বড় অংশ বিষয়টিকে 'বাল্যবিবাহ' হিসেবে দেখছিলেন। লুবাবার নতুন বক্তব্যে এটি পরিষ্কার যে, তিনি আইনি বয়স পূর্ণ হওয়ার পরেই বিয়ের পিঁড়িতে বসবেন।
প্রয়াত খ্যাতিমান অভিনেতা আব্দুল কাদেরের নাতনি হিসেবে শৈশব থেকেই বিনোদন অঙ্গনে জনপ্রিয় লুবাবা। নিয়মিত অভিনয় ও মডেলিং করলেও গত বছরের শেষ দিকে হঠাৎ ঘোষণা দিয়ে বিনোদন জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর তার এই ব্যক্তিগত জীবনের খবর ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।