বিনোদন

চারুকলায় প্রবেশে বাধা, মন খারাপ নিয়েই বৈশাখ কাটল শবনম ফারিয়ার

আকতার   নিউজ ডেস্ক

১৪ এপ্রিল ২০২৬


| ছবি: 

পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে উৎসবের আমেজ খুঁজতে ছুটে যান বিনোদন অঙ্গনের তারকারা। তবে এবারে চারুকলায় প্রবেশ করতে না পেরে কিছুটা মন খারাপ হয়েছে জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার। চারুকলায় প্রবেশে বাধার সম্মুখীন হয়েও ভবঘুরের মতো ঘুরে বেড়িয়ে শহরের নানা প্রান্তে উৎসবের রঙ খুঁজে নিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে শবনম ফারিয়া লেখেন, “গত ৮ বছরে করোনা মহামারি ছাড়া চারুকলায় যাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারেনি। এটি আমার কাছে নববর্ষের একটি রিচুয়াল (রীতিনীতি) হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এবার গেটে কড়া নিরাপত্তার কারণে আমাকে ঢুকতে দেওয়া হয়নি।” চারুকলায় ঢুকতে না পারার আক্ষেপ থাকলেও দিনটিকে বিষণ্নতায় কাটাতে চাননি ফারিয়া। মনের কষ্ট ভুলে তিনি নেমে পড়েন ঢাকার রাস্তায়। শহরের বিভিন্ন জায়গায় আঁকা আলপনা দেখে নিজের মধ্যেই বৈশাখের আমেজ খুঁজে নেন তিনি। এ প্রসঙ্গে ফারিয়া লেখেন, “দুঃখে ভবঘুরের মতো ঢাকা শহরে ঘুরতে ঘুরতে দেখলাম আলপনা। যাক, বৈশাখী আমেজ তো পাওয়া গেল!” এদিন ফারিয়ার সাজসজ্জা ছিল নজরকাড়া। ডানা ফারহিনের হাতে আঁকা একটি বিশেষ শাড়ি পরেছিলেন তিনি। অভিনেত্রী জানান, গত বছর শাড়িটি তৈরি হলেও কোনো কারণে পরা হয়নি। তাই এবারের বৈশাখে সেই শাড়ি পরেই নিজের মতো করে নববর্ষ উদযাপন করেছেন।চারুকলায় প্রবেশ করতে না পারার আক্ষেপ থাকলেও, শবনম ফারিয়ার এই বৈশাখ উদযাপনের ধরন ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এমন সাবলীল উপস্থিতিকে প্রশংসার চোখে দেখছেন অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা।