বিনোদন

সুরলোকে চিরবিদায়: রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শয্যায় কিংবদন্তি আশা ভোঁসলে

আকতার   নিউজ ডেস্ক

১৩ এপ্রিল ২০২৬


| ছবি: 

ভারতীয় সংগীত জগতের এক অবিসংবাদিত নক্ষত্র, সুরের জাদুকর আশা ভোঁসলে আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এই গুণী শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনাবিসসহ উপস্থিত থাকবেন বলিউডের অসংখ্য তারকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সোমবার বেলা ১১টা থেকে লোয়ার পারেলের বাসভবনে সাধারণ মানুষ ও ভক্তরা তাদের প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে ভিড় করছেন। তার দেহ ভারতের জাতীয় পতাকায় মোড়ানো কাচের কফিনে রাখা হয়েছে।শেষ বিদায়ের এই আবেগঘন মুহূর্তে বাসভবন প্রাঙ্গণে বাজানো হচ্ছে তার কালজয়ী সব গান—‘আও হুজুর তুমকো’, ‘দিল চিজ কেয়া হ্যায়’ ও ‘ও সাথী রে’। তাকে সম্মান জানাতে ‘গান স্যালুট’-এর ব্যবস্থাও করা হয়েছে। গজল থেকে ক্যাবারে—সংগীতের প্রতিটি ধারায় আশা ভোঁসলে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। ও. পি. নায়ার থেকে আর. ডি. বর্মণের সুরে তার গাওয়া ‘চুরা লিয়া হ্যায় তুমনে’, ‘পিয়া তু আব তো আজা’, কিংবা ‘ইন আঁখো কি মস্তি’—গানগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সংগীতের সংজ্ঞা নির্ধারণ করেছে। তার এই কণ্ঠস্বর ও সুরের গভীরতা তাকে অমর করে রাখবে সংগীতপ্রেমীদের হৃদয়ে।