বিনোদন

মেয়ের অভিনয় নিয়ে আজও অসন্তুষ্ট তৃণা সাহার বাবা-মা

আকতার   ঢাকা

১৩ মার্চ ২০২৬


| ছবি: 

 

বিনোদন ডেস্ক 

ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় মুখ তৃণা সাহা। ২০১৬ সালে ‘খোকাবাবু’ ধারাবাহিকে ‘তরী’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ঘরে ঘরে পরিচিতি পান তিনি। এরপর ‘কলের বউ’, ‘খড়কুটো’ কিংবা ‘বালিঝড়’-এর মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। তবে পর্দার এই ঝলমলে সাফল্যের উল্টো পিঠে রয়েছে এক অন্য গল্প—মেয়ের অভিনেত্রী হওয়াটা আজও মেনে নিতে পারেননি তার বাবা-মা।

টালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করলেও তৃণা জানান, তার ক্যারিয়ার নিয়ে পরিবারের অন্দরে এখনো চাপা অসন্তোষ রয়ে গেছে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন:

“বাবা-মা আজও আমার কাজে খুশি নন। শুটিং সেরে দেরি করে বাড়ি ফিরলে তারা কথা বলেন না। এখনো আমাকে শুনতে হয়— ‘এসব কী করিস?’ আসলে তারা কখনোই চাননি আমি অভিনয়ে আসি।”

পরিবারের এই বিরোধিতা তৃণার মনে কিছুটা ক্ষতের সৃষ্টি করলেও তিনি পরিস্থিতি সামলে নিতে শিখেছেন। এ প্রসঙ্গে তার দর্শন বেশ পরিণত। তৃণা বলেন:

“আমি এখন বড় হয়েছি। আমি তাদের স্পেস দিই, তারাও আমাকে দেন। আমার বিশ্বাস, কেউ রেগে থাকলে তাকে বেশি বোঝাতে গেলে পরিস্থিতি আরও বিগড়ে যায়। তাই আমি সময় দিই। কিছু জিনিস সময়ের ওপর ছেড়ে দিলে এমনিতেই ঠিক হয়ে যায়।”

টিভি সিরিয়ালে আসার আগেই ২০১৫ সালে জিৎ অভিনীত ‘প্রেম করেছি বেশ করেছি’ সিনেমায় একটি ক্যামিও চরিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তৃণার। এরপর ‘পাসওয়ার্ড’, ‘ডিটেকটিভ’ এবং ‘শ্রীমতি’-র মতো সিনেমাতেও তাকে দেখা গেছে।

তৃণা আশা করেন, বড় কোনো অর্জনের মাধ্যমে একদিন বাবা-মায়ের এই দীর্ঘদিনের অভিমান ভাঙবে এবং তারা মেয়ের পেশাকে সানন্দে গ্রহণ করবেন।