বিনোদন

‘পরিবারের সবাই বিএনপি, সংরক্ষিত আসনে এমপি হতে চাই’: চিত্রনায়িকা রিনা খান

আকতার   ঢাকা

১০ মার্চ ২০২৬


| ছবি: 

 

বিনোদন প্রতিবেদক: রূপালি পর্দার একসময়ের দাপুটে খল-অভিনেত্রী রিনা খান এখন রাজনীতির মাঠে সক্রিয়। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য সিনেমায় খল চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নেওয়া এই তারকা এখন দেশের সেবায় সংসদে যেতে চান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দীর্ঘদিনের কর্মী হিসেবে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পাওয়ার জোরালো ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের পর্দায় নিয়মিত না হলেও রাজনৈতিক অঙ্গনে রিনা খান বেশ পরিচিত মুখ। বর্তমানে তিনি জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের বিভিন্ন প্রতিকূল সময়ে এবং সাংগঠনিক কর্মকাণ্ডে তাকে নিয়মিত মাঠে দেখা গেছে। নিজের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে রিনা খান জানান, তার পরিবারের শেকড় বিএনপির রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তিনি বলেন:

"আমার পরিবারের সবাই বিএনপি করে। আমার চাচাতো ভাইয়েরাও দলের নানা সংগঠনের সাথে জড়িত। একজন সচেতন নাগরিক ও একনিষ্ঠ কর্মী হিসেবে আমি আশা করি এবং দাবি রাখি যে, সংরক্ষিত নারী আসনে আমাকে একটি সুযোগ দেওয়া হোক।"

তিনি আরও যোগ করেন, "এতদিন দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছি। দেশের জন্য কাজ করার এই অধিকার আমার আছে বলেই আমি মনে করি। এটুকু দাবি আমি করতেই পারি।"

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভোটের মাঠে শোবিজ তারকাদের উপস্থিতি খুব একটা দেখা না গেলেও ব্যতিক্রম ছিলেন রিনা খান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ নিয়ে ধানের শীষের প্রচারণায় তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। সেই প্রচারণার সময় থেকেই তিনি সংসদ সদস্য হওয়ার সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করে আসছিলেন।

দুই যুগেরও বেশি সময় ধরে ঢালিউডে খল-অভিনেত্রী হিসেবে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন রিনা খান। তবে বর্তমানে তিনি অভিনয়ের চেয়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। দলের নীতিনির্ধারকরা তার এই দীর্ঘদিনের ত্যাগ ও আনুগত্যের মূল্যায়ন করবেন বলে তিনি আশাবাদী।