বিনোদন

স্নেহের রাহুলকে হারিয়ে বাকরুদ্ধ প্রসেনজিৎ; বিজয়গড়ে কান্নার রোল

আকতার   নিউজ ডেস্ক

৩০ মার্চ ২০২৬


| ছবি: 

রাহুলের বাড়িতে প্রসেনজিৎ সহকর্মীর বিদায়ে শোকস্তব্ধ বিজয়গড়
বিনোদন ডেস্ক | কলকাতা টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দুই বাংলায়। অভিনেতার আকস্মিক প্রয়াণের খবর পাওয়ার পর থেকেই তাঁর বিজয়গড়ের বাসভবনে ভিড় জমাচ্ছেন সহকর্মী ও গুণগ্রাহীরা। শোকাতুর এই পরিবেশে সোমবার রাহুলের বাড়িতে ছুটে যান টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।শোকার্ত পরিবারের পাশে 'বুম্বাদা'
বিজয়গড়ের বাড়িতে গিয়ে রাহুলের মা এবং তাঁর একমাত্র সন্তান সহজের সঙ্গে দেখা করেন প্রসেনজিৎ। শোকবিহ্বল পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে দেখা যায় তাঁকে। দীর্ঘদিনের সহকর্মী এবং স্নেহের ছোট ভাইয়ের মতো থাকা রাহুলের এমন চলে যাওয়া মেনে নিতে পারছেন না এই প্রবীণ অভিনেতা। রাহুলের সঞ্চালিত ‘সহজ কথা’ শো-তেও প্রসেনজিৎ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই স্মৃতি হাতড়ে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই।
রাহুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁর বাসভবনে উপস্থিত হন টলিউডের একঝাঁক তারকা। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে রোববার বিকেলেই পৌঁছান সুদীপ্তা চক্রবর্তী, নীলঞ্জনা শর্মা, দেবলীনা দত্ত ও সোহিনী সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সৌরভ দাস, শোভন গঙ্গোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, রিদ্ধিমা ঘোষ এবং সৌম্য মুখোপাধ্যায়সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
সহকর্মীরা সামাজিক মাধ্যমে রাহুলের কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে গভীর শোক প্রকাশ করছেন। বিজয়গড় এলাকা জুড়েই এখন নেমে এসেছে নীরবতার ছায়া। প্রসেনজিতের উপস্থিতির সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়, যা বুঝিয়ে দেয় টলিউড ইন্ডাস্ট্রিতে রাহুলের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা কতটা গভীর ছিল।