বিনোদন

যুদ্ধের প্রভাবে দুবাইয়ে শুটিং বন্ধ: বিপাকে শাহরুখের ‘কিং’

আকতার   নিউজ ডেস্ক

৩১ মার্চ ২০২৬


| ছবি: 

বিপাকে শাহরুখের ‘কিং’বলিউড বাদশা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাইয়ে নির্ধারিত শুটিং শিডিউল স্থগিত করতে বাধ্য হয়েছেন নির্মাতারা। ফলে বড় ধরণের বিপাকে পড়েছে পুরো প্রোডাকশন টিম।
সিনেমাটির একটি বড় অংশের শুটিং হওয়ার কথা ছিল দুবাইয়ের মরুভূমিতে। সেখানে সুহানা খানের সঙ্গে অনিল কাপুরের হাই-ভোল্টেজ অ্যাকশন দৃশ্য ধারণের জন্য ৯ এপ্রিল থেকে এক সপ্তাহব্যাপী প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু দুবাইসহ পশ্চিম এশিয়ার বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনা করে কলাকুশলীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও প্রযোজনা সংস্থা। তারা কোনোভাবেই টিমের সদস্যদের জীবনের ঝুঁকি নিতে চান না।
দুবাইয়ে শুটিং সম্ভব না হওয়ায় নির্মাতারা এখন বিকল্প পথ খুঁজছেন। জানা গেছে, মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকায় একটি বিশাল সেট তৈরি করা হচ্ছে। দুবাইয়ের মরুভূমির সেই দৃশ্যগুলো এখন কৃত্রিমভাবে তৈরি এই সেটেই ধারণ করা হবে।
২০২৬ সালের ডিসেম্বরে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে ‘কিং’। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো বড় পর্দায় বাবা শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধছেন তার মেয়ে সুহানা খান। দীর্ঘ দুই বছর ধরে চলা এই সিনেমার একটি বড় অংশের কাজ ইতিমধ্যে লন্ডনে শেষ হয়েছে।২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’র হ্যাটট্রিক সাফল্যের পর প্রায় তিন বছর বিরতি দিয়ে ‘কিং’-এর মাধ্যমে পর্দায় ফিরছেন কিং খান। এতে তার বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এছাড়া খলচরিত্রে অভিষেক বচ্চন এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় অনিল কাপুরের উপস্থিতি সিনেমাটিকে নিয়ে দর্শকদের আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।