বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

বিনোদন

খালাস পেলেন আসিফ আকবর: ‘আইনি লড়াইয়ে সত্যের জয়’

আকতার   ঢাকা

১০ মার্চ ২০২৬


| ছবি: 

 

নিজস্ব প্রতিবেদক

লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা দীর্ঘ আট বছরের পুরোনো একটি মামলা থেকে সশরীরে খালাস পেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সোমবার (৯ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২ এর বিচারক আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত তাকে এই মামলা থেকে অব্যাহতি দেন।

রায়ের পর সন্তোষ প্রকাশ করে আসিফ আকবর সংবাদমাধ্যমকে বলেন:

"গত আট বছর ধরে নিয়মিত কোর্টে আসছি। আমি কোনো প্রভাব বিস্তার করার চেষ্টা করিনি, মামলাটিকে রাজনৈতিক রূপ দেওয়ারও চেষ্টা করিনি। শুরু থেকেই চেয়েছি আইনিভাবে এর মোকাবিলা করতে। এই দীর্ঘ সময়ে আমার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা অনেক কষ্ট পেয়েছেন। আজ সব অভিযোগ থেকে মুক্তি পেয়ে আমি শান্তি অনুভব করছি।"

২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথে আসিফের অফিস থেকে চার বোতল বিদেশি 'টাকিলা' মদ উদ্ধারের দাবি করেছিল সিআইডি। ২০১৯ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় এই মামলাটি দায়ের করা হয়। মামলায় মোট তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। তারা হলেন—বাদী সিআইডির উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার এবং তদন্তকারী কর্মকর্তা জামাল উদ্দিন ও শাহিনুল ইসলাম।

মামলায় যুক্তিতর্ক শুনানি শেষে আদালত পর্যবেক্ষণ করেন যে, জব্দকৃত আলামত এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে আসিফ আকবরের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। ফলে তাকে বেকসুর খালাস প্রদান করা হয়।