বিনোদন

রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ কিংবদন্তি সোহেল রানা

আকতার   নিউজ ডেস্ক

২৮ মার্চ ২০২৬


| ছবি: 

রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ কিংবদন্তি সোহেল রানা
রোজার ইফতার ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সরকারের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কিংবদন্তি অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা। রাষ্ট্রীয়ভাবে এমন অবজ্ঞা বা অবহেলায় তিনি ব্যথিত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই প্রশ্ন তোলেন, এবং আক্ষেপ করে লেখেন, ‘চিনতে কি আবারও ভুল করছি?’
সোহেল রানা ফেসবুক পোস্টে অতীতে রাষ্ট্রীয় আয়োজনের অভিজ্ঞতার কথা স্মরণ করে উল্লেখ করেন, আগের সরকারগুলোর আমলে রোজার ইফতার, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস—এই তিনটি গুরুত্বপূর্ণ জাতীয় উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মুক্তিযোদ্ধা এবং জাতীয় চলচ্চিত্র বা রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের কাছে অন্তত তিন দিন আগেই আমন্ত্রণপত্র পৌঁছে যেত। কিন্তু এবার রোজা ও স্বাধীনতা দিবস দুটিই পার হয়ে গেলেও তিনি সরকারের কোনো দাওয়াত পাননি।
বিষয়টিকে অত্যন্ত অপমানজনক মনে করছেন জানিয়ে আক্ষেপ প্রকাশ করে এই অভিনেতা লেখেন, ‘রোজার ইফতার, স্বাধীনতা দিবস—দুটোই চলে গেল, কোনো ইনভাইটেশন কার্ড আসলো না। এটা কি ইচ্ছাকৃত, না ভুল?’
তিনি আরও বলেন, ইফতার অনুষ্ঠান কিংবা স্বাধীনতা দিবসের প্যারেড অনুষ্ঠানে মানুষের ভিড়ের কোনো ঘাটতি ছিল না। তবে সেখানে প্রকৃত মুক্তিযোদ্ধা ও গুণী শিল্পীদের অনুপস্থিতি এবং অপরিচিত লোকজনের ভিড় তাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। এই অচেনা ভিড়ের দিকে ইঙ্গিত করে তিনি প্রশ্ন তোলেন, ‘এরা কারা?’
গুণী এই অভিনেতার এই ক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার প্রতি এমন আচরণের সমালোচনা করেছেন এবং দ্রুত এই ভুল সংশোধনের দাবি জানিয়েছেন।