বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

বিনোদন

হাওয়া’র রেকর্ড ভাঙার পথে ‘বনলতা এক্সপ্রেস’, বিদেশের বাজারেও জয়জয়কার

আকতার   ঢাকা

১১ এপ্রিল ২০২৬


| ছবি: 

‘হাওয়া’র রেকর্ড ভাঙার পথে ‘বনলতা এক্সপ্রেস’, বিদেশের বাজারেও জয়জয়কারঈদুল ফিতরে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে দর্শক চাহিদা ও আয়ের দিক থেকে শীর্ষস্থান দখল করে নিয়েছে তানিম নূর পরিচালিত তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির মাত্র আঠারো দিনের মাথায় সিনেমাটি এখন ‘হাওয়া’ সিনেমার দীর্ঘদিনের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে।প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, মুক্তির পর থেকেই দেশজুড়ে সিনেমাটি প্রদর্শনীতে হাউসফুল যাচ্ছে। দেশে এখন পর্যন্ত সিনেমাটি ৬ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি করেছে। শুধু দেশের বাজারেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সিনেমাটি সাড়া ফেলেছে।সিনেমাটির উত্তর আমেরিকার পরিবেশক 'স্বপ্ন স্কয়ারক্রো'র দেওয়া তথ্যমতে, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে সিনেমাটির গ্রস কালেকশন হয়েছে ২ লাখ ৪৬ হাজার ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ২৪ হাজার মার্কিন ডলার এবং কানাডা থেকে ১ লাখ ২২ হাজার কানাডিয়ান ডলার আয় হয়েছে।সংশ্লিষ্টরা ধারণা করছেন, আর মাত্র কয়েকদিনের মধ্যেই সিনেমাটি ২০২২ সালে মুক্তি পাওয়া ‘হাওয়া’র ২ লাখ ৭১ হাজার ডলারের রেকর্ড ভেঙে উত্তর আমেরিকায় সর্বোচ্চ আয়ের বাংলা সিনেমার গৌরব অর্জন করতে যাচ্ছে।উত্তর আমেরিকার বাইরেও যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে সিনেমাটি এখন পর্যন্ত ৬৩ হাজার ২১৮ ডলার আয় করেছে। এর মধ্যে যুক্তরাজ্য থেকে ১৪ হাজার ২১৮ ডলার এবং অস্ট্রেলিয়া থেকে ৪৯ হাজার অস্ট্রেলিয়ান ডলার আয় হয়েছে। সাফল্য নিয়ে পরিচালক তানিম নূর বলেন, ‘দর্শক সিনেমাটি দেখছেন, এটাই সবচেয়ে ভালো লাগার বিষয়। সিনেমার প্রাণ হলো দর্শক, তাদের ভালোবাসা ও অনুপ্রেরণাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।’উল্লেখ্য, জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার ও আরেফিন জিলানীর মতো তারকারা