সারাদেশ

২০ বছরের কর্মজীবনের শেষে ঘোড়ার গাড়িতে রাজসিক বিদায় পেলেন মসজিদের খাদেম

আকতার   নিউজ ডেস্ক

১৪ এপ্রিল ২০২৬


| ছবি: 

দীর্ঘ ২০ বছরের কর্মজীবনের ইতি টানলেন রায়পুর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় জামে মসজিদের খাদেম মো. মুসলিম (৭০)। তার এই সুদীর্ঘ সময়ের সেবার প্রতি সম্মান জানিয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে দেওয়া হলো ঘোড়ার গাড়িতে চড়ে রাজসিক বিদায়।: সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পরিচ্ছন্ন পোশাকে সজ্জিত মো. মুসলিমকে ফুল ও নানা সাজে সজ্জিত একটি ঘোড়ার গাড়িতে তুলে দেওয়া হয়। এরপর বর্ণিল সাজে তাকে পৌঁছে দেওয়া হয় তার নিজ বাসভবনে। বিদায়ের এই মুহূর্তে মসজিদ কমিটির সদস্য, ইমাম ও খতিবদের চোখের কোণে ছিল অশ্রু আর মনে ছিল গভীর শ্রদ্ধা।

দীর্ঘদিনের প্রিয় খাদেমকে এমন সম্মানের সঙ্গে বিদায় জানানোয় এলাকাজুড়ে প্রশংসার জোয়ার বইছে। বিদায়ী খাদেম মুসলিম বলেন, “আমি সবসময় মসজিদকে নিজের ঘরের মতো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি। শারীরিক অসুস্থতার কারণে আজ বিদায় নিতে হচ্ছে, তবে মসজিদ কমিটির এই ভালোবাসা আমি আজীবন মনে রাখব।”খাদেম মো. মুসলিমকে রাজসিক বিদায় জানানোর পাশাপাশি মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে উপহার হিসেবে নগদ ২ লাখ টাকা সম্মানী তুলে দেওয়া হয়েছে। মসজিদ কমিটির সেক্রেটারি এনামুল হক বলেন, “আমরা চেষ্টা করেছি উনাকে একটি সুন্দর ও সম্মানজনক বিদায় জানাতে। চাঁদপুর থেকে বিশেষ এই ঘোড়ার গাড়িটি আনা হয়েছিল। আমরা উনার দীর্ঘদিনের নিরলস সেবার মূল্যায়ন করতে চেয়েছি এবং ভবিষ্যতেও মসজিদ কমিটি উনার পাশে থাকবে।”মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আরিফ হোসাইন মিয়াজী বলেন, “মুসলিম অত্যন্ত সৎ ও ভালো মনের মানুষ ছিলেন। উনার কাজের প্রতি নিষ্ঠা আমাদের সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবে।”