সারাদেশ

সাগরপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ৭ নারী ও শিশু উদ্ধার: টেকনাফে কোস্টগার্ডের অভিযান

আকতার   নিউজ ডেস্ক

৩১ মার্চ ২০২৬


| ছবি: 

সাগরপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ৭ নারী ও শিশু উদ্ধার: টেকনাফে কোস্টগার্ডের অভিযানকক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে বন্দি করে রাখা নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বেশ কিছু মানুষকে আটকে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাফ ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে ওই বাড়ি থেকে ৭ জন নারী ও শিশুকে উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং নামমাত্র খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র তাদের মালয়েশিয়া পাঠাতে প্রলুব্ধ করেছিল। চক্রটি বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টার্গেট করে সাগরপথে বিপজ্জনক যাত্রার পরিকল্পনা করছিল।
উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মানবপাচার রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।