বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

সারাদেশ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: তদন্তে রেল ও সড়ক বিভাগের গাফিলতির প্রমাণ

আকতার   নিউজ ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬


| ছবি: 

কুমিল্লার পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ে বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জেলা প্রশাসন। তদন্তে রেলওয়ে, সড়ক বিভাগ এবং সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব পালনে চরম অবহেলার প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনে ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি আটটি সুপারিশ করা হয়েছে।রোববার (২৯ মার্চ) তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, তদন্তে অন্তত ছয়টি গুরুতর অনিয়ম পাওয়া গেছে। প্রতিবেদনে পদুয়ার বাজার ও বিজয়পুর লেভেলক্রসিংয়ের ৬ জন গেটম্যান, লালমাই রেলস্টেশনের মাস্টার, ট্রেনের দুই লোকোমাস্টার, বাসচালক এবং সড়ক বিভাগের উন্নয়ন কাজের সাথে জড়িতদের অবহেলার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে দুর্ঘটনার সময় লেভেলক্রসিং ব্যবস্থাপনায় বিভিন্ন বিভাগের মধ্যে কোনো সমন্বয় ছিল না।নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ করা হয়নি এবং দায়িত্ব পালনে চরম গাফিলতি ছিল।সড়ক সংস্কার কাজের কারণে ওই এলাকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলেও কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্ত কমিটি ১১ পৃষ্ঠার প্রতিবেদনে ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে ৮টি সুপারিশ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: ১. লেভেলক্রসিং ব্যবস্থাপনার আধুনিকায়ন। ২. সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করা। ৩. নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও বিভাগগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি। গত ২১ মার্চ রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে ১২ জন প্রাণ হারান এবং ১৫ জন আহত হন। ঘটনার পর পরই জেলা প্রশাসন ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ইতোমধ্যে এই ঘটনায় মামলার প্রেক্ষিতে দুইজন গেটম্যানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।