সারাদেশ

সরকারি দামের তোয়াক্কা নেই: এলপিজি সিলিন্ডার বিক্রিতে নৈরাজ্য, বিপাকে সাধারণ মানুষ

আকতার   নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬


| ছবি: 

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনর্নির্ধারণ করা হলেও বাজারে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৭২৮ টাকা নির্ধারণ করে দিলেও, রাজধানীর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ২,১০০ থেকে ২,২০০ টাকায়। অর্থাৎ, প্রতি সিলিন্ডারে ভোক্তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত ৩৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।বিইআরসির তথ্যমতে, এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম গত মাসের ১,৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১,৭২৮ টাকা করা হয়েছে। কিন্তু শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সরকারি এই নির্দেশনা কেবল কাগজেই সীমাবদ্ধ। দোকানভেদে দামের কিছুটা তারতম্য থাকলেও কোথাও সরকার নির্ধারিত দামে গ্যাস মিলছে না।শুধু ১২ কেজির সিলিন্ডারই নয়, ১৫, ৩৫ ও ৪৫ কেজির বড় সিলিন্ডারগুলোর ক্ষেত্রেও নির্ধারিত মূল্যের চেয়ে ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দাবি করছেন বিক্রেতারা।বাজার করতে আসা সাধারণ মানুষ এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, এলপিজির দাম যখন কম ছিল, তখনও বিক্রেতারা বাড়তি দাম নিতেন। এখন নতুন করে দাম বাড়ানোর সুযোগ নিয়ে সিন্ডিকেট চক্র সিলিন্ডার প্রতি কয়েকশ টাকা অতিরিক্ত হাতিয়ে নিচ্ছে।একজন ভোক্তা আক্ষেপ করে বলেন, "সরকার দাম বাড়ালো এক হারে, আর দোকানদাররা বাড়ালো ডাবল। তদারকি না থাকায় আমাদের মতো সাধারণ মানুষের পকেট কাটা যাচ্ছে। প্রতি মাসে গ্যাসের পেছনে এত বাড়তি টাকা দেওয়া আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।"সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত বাজার অভিযান না থাকায় খুচরা বিক্রেতা ও ডিলাররা ইচ্ছামতো দাম হাঁকানোর সাহস পাচ্ছেন। বিইআরসি নির্ধারিত মূল্যে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।