সারাদেশ

স্থবির টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ

আকতার   নিউজ ডেস্ক

১৪ এপ্রিল ২০২৬


| ছবি: 

প্রায় এক বছর ধরে বন্ধ থাকা টেকনাফ স্থলবন্দরের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বন্দর এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সীমান্ত বাণিজ্যের দীর্ঘ স্থবিরতায় স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে, তা নিরসনে সরকারের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা।মঙ্গলবার সকালে টেকনাফ স্থলবন্দরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি বন্দরের অবকাঠামোগত পরিস্থিতি ঘুরে দেখেন এবং স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস ও দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। দীর্ঘ সময় ধরে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকায় যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেসব বিষয়ে মন্ত্রী বিস্তারিত খোঁজখবর নেন। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা এবং সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতির অবনতির কারণে গত এক বছর ধরে টেকনাফ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের এই গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রটি বন্ধ থাকায় সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি স্থানীয় হাজারো ব্যবসায়ী ও শ্রমিক পরিবারগুলোর আয়ের পথও বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে পরিচিত এই টেকনাফ স্থলবন্দর। দুই দেশের মধ্যকার পণ্য আদান-প্রদানের এই কেন্দ্রটি সচল না থাকায় উভয় দেশের সীমান্ত বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে।পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরিস্থিতির উন্নতির লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। তবে বাণিজ্য চালুর বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ এখনও জানানো হয়নি।