বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

সারাদেশ

ভৈরবে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আকতার   নিউজ ডেস্ক

১৩ এপ্রিল ২০২৬


| ছবি: 

ভৈরবে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কিশোরগঞ্জের ভৈরবে কান্নার আওয়াজ শুনে পলিথিনে মোড়ানো এক নবজাতক পুত্রসন্তানকে উদ্ধার করেছেন এক দম্পতি। দীর্ঘক্ষণ লড়াইয়ের পর সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে।গত শনিবার রাতে ভৈরবের চণ্ডিবের গ্রামের হেলাল নামে এক ব্যক্তি বালুর মাঠ দিয়ে যাওয়ার সময় কান্নার আওয়াজ শুনতে পান। স্ত্রীকে নিয়ে খোঁজাখুঁজির পর তারা পলিথিনে মোড়ানো প্যাকেট থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। দম্পতি শিশুটিকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে এবং পরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর জানিয়েছেন, শিশুটিকে সুস্থ করার জন্য সাধ্যমতো চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রায় ১২ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল সাড়ে ৯টায় নবজাতকটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।ঘটনার খবর পেয়ে ভৈরব থানা পুলিশ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে শিশুটির মরদেহ থানায় নিয়ে আসে। ভৈরব থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।