সারাদেশ

দৌলতদিয়ায় ফেরির ধাক্কায় বাস নদীতে: ২ নারীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪০

আকতার   নিউজ ডেস্ক

২৫ মার্চ ২০২৬


| ছবি: 

 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরির ধাক্কায় ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ফায়ার সার্ভিসের ধারণা, এখনো প্রায় ৪০ জন যাত্রী পানির নিচে নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন—রাজবাড়ীর ভবানীপুরের বাসিন্দা রেহেনা (৫৫)মর্জিনা (৬০)। এছাড়া জীবিত উদ্ধার হওয়া নারীর নাম নুসরাত (২৯)। তিনি পেশায় একজন চিকিৎসক এবং তার বাড়িও ভবানীপুর এলাকায়।

ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন জানান, বুধবার বিকেল ৫টার দিকে বাসটি দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে পৌঁছায়। একটি ফেরি ছেড়ে যাওয়ায় বাসটি পরবর্তী ফেরির জন্য পন্টুনে অপেক্ষা করছিল। সোয়া ৫টার দিকে ‘হাসনা হেনা’ নামক একটি ইউটিলিটি (ছোট) ফেরি ঘাটে ভেড়ার সময় সজোরে পন্টুনে আঘাত করে। ফেরির তীব্র ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি মুহূর্তেই পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ফরিদপুর ফায়ার সার্ভিসের দুজন ডুবুরি, দুজন সহকারী ডুবুরি এবং পাঁচ সদস্যের একটি বিশেষ দল উদ্ধারকাজে অংশ নিয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, প্রবল স্রোত ও গভীরতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বাসের ভেতরে আরও অনেক যাত্রী আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।