রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

সারাদেশ

লিফট ছাড়াই খুলছে পিরোজপুর ২৫০ শয্যার হাসপাতাল: প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

আকতার   পিরোজপুর প্রতিনিধি

১০ মার্চ ২০২৬


| ছবি: 

 

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরবাসীর দীর্ঘ প্রতীক্ষিত ২৫০ শয্যার জেলা হাসপাতালটি আগামী ৩০ এপ্রিল অথবা ১৫ মে-এর মধ্যে আংশিকভাবে চালু হচ্ছে। রোগীদের দুর্ভোগের কথা চিন্তা করে লিফট আসার অপেক্ষা না করেই অন্তত চারটি ফ্লোর স্বাস্থ্যসেবার জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন

আগামী দেড় মাসের মধ্যে (৩০ এপ্রিল থেকে ১৫ মে) হাসপাতালের চারটি ফ্লোরে পুরোদমে চিকিৎসাসেবা শুরু হবে। প্রতিমন্ত্রী জানান, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশ থেকে লিফট আসতে দেরি হচ্ছে। এটি আগামী আগস্ট মাসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে রোগীদের কষ্টের কথা বিবেচনা করে লিফট ছাড়াই সেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশব্যাপী চিকিৎসক সংকট থাকলেও পিরোজপুরের জন্য আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ এবং অকেজো যন্ত্রপাতি সচল বা স্থানান্তরের আশ্বাস দিয়েছেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এক পর্যালোচনা সভা করেন। সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আবু সাঈদ, সিভিল সার্জন মো. মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এই নতুন উদ্যোগের ফলে আগামী দুই মাসের মধ্যে পিরোজপুরের মানুষ আগের চেয়ে অনেক উন্নত এবং মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন।