বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

সারাদেশ

পিরোজপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলা: কুপিয়ে জখম ও স্বর্ণালংকার ছিনতাই

আকতার   পিরোজপুর প্রতিনিধি

১৯ মার্চ ২০২৬


| ছবি: 

 

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা এলাকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের হামলায় একই পরিবারের নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এসময় ভুক্তভোগীর পুত্রবধূর গলার স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. গোলাম রসুল (৫৭) অভিযোগ করেন, একই এলাকার আলমগীর শেখ (৪২) ও সজীব শেখ দীর্ঘদিন ধরে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৪টার দিকে আলমগীর ও সজীবসহ ৩-৪ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গোলাম রসুলের বাড়িতে অতর্কিত হামলা চালায়। দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। হামলাকারীরা গোলাম রসুলকে লক্ষ্য করে চাপাতি দিয়ে কোপ দিলে তিনি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন, এতে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলে গুরুতর জখম হয়।

গোলাম রসুলকে বাঁচাতে এগিয়ে এলে পরিবারের অন্যান্য সদস্যদের ওপরও হামলা চালানো হয়। আহতরা হলেন: হানিফ শেখ, নারগিছ বেগম, হামিদা বেগম, রিনা বেগম অভিযোগ অনুযায়ী, হামলার সময় হামিদা বেগমের গলা থেকে প্রায় ১ ভরি ওজনের স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা) ছিনিয়ে নেয় হামলাকারীরা। এছাড়া রিনা বেগমকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ভুক্তভোগী গোলাম রসুল পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, "একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"