বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

সারাদেশ

স্বামীর স্বীকৃতির দাবিতে ‘স্ত্রীর বাড়িতে’ যুবকের অনশন

আকতার   নিউজ ডেস্ক

০১ এপ্রিল ২০২৬


| ছবি: 

মাদারীপুরের ডাসার উপজেলায় চার বছরের দাম্পত্য সম্পর্কের স্বীকৃতির দাবিতে স্ত্রীর বাড়ির আঙিনায় অনশনে বসেছেন বিশ্বজিৎ পাত্র (২৮) নামে এক যুবক। বুধবার (১ এপ্রিল) বিকেল থেকে উপজেলার নবগ্রাম ইউনিয়নে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।অনশনরত বিশ্বজিৎ পাত্র জানান, নবগ্রামের মনতোষ বাড়ৈর মেয়ে অনুশীলা বাড়ৈর (২৩) সঙ্গে তার দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্ক। চার বছর আগে তারা আদালতে আইনগতভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঢাকায় তারা দীর্ঘ সময় বাসা ভাড়া করে একত্রে বসবাসও করেছেন। বিশ্বজিতের দাবি, অনুশীলার নার্সিং পড়াশোনার জন্য তিনি প্রায় ১৫-২০ লাখ টাকা খরচ করেছেন। সম্প্রতি পড়াশোনা শেষ করে অনুশীলা একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরিতে যোগদানের পর থেকেই তার আচরণ বদলে যায়। গত ১২ দিন ধরে তিনি বিশ্বজিতের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং বর্তমান বিয়ের সম্পর্ক অস্বীকার করছেন। নিরুপায় হয়েই বিশ্বজিৎ স্ত্রীর স্বীকৃতির দাবিতে তার বাড়িতে অনশন শুরু করেছেন।এ বিষয়ে অনুশীলা বাড়ৈ সম্পর্কের কথা স্বীকার করলেও বিয়ের বিষয়ে ভিন্ন দাবি করেন। তিনি বলেন, "সে জোর করে কোর্ট ম্যারেজের কাগজে সই করিয়েছিল। আমি এক সপ্তাহ আগে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। তার সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়।"ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, "বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি, তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"