বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

সারাদেশ

কুড়িগ্রামে ভেজাল কীটনাশক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

আকতার   নিউজ ডেস্ক

১৩ এপ্রিল ২০২৬


| ছবি: 

কুড়িগ্রামের রাজারহাটে অনুমোদনহীন ও ভেজাল কীটনাশক বিক্রির দায়ে ‘রিসা বীজ ভান্ডার’ নামের একটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগারডাবড়ীহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘রিসা বীজ ভান্ডার’ থেকে ‘লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড’ কোম্পানির ৬২৬টি অবৈধ প্যাকেটের বালাইনাশকসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। পরবর্তীতে জনসম্মুখে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী জানান, লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের মোট ৭৪টি পণ্য বাজারে থাকলেও এর মধ্যে মাত্র ৮টির সরকারি অনুমোদন রয়েছে। ভেজাল কীটনাশক ব্যবহারে কৃষকদের ফসলের অপূরণীয় ক্ষতি হওয়ার পাশাপাশি উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে।অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানার পাশাপাশি, কোম্পানির প্রতিনিধি রায়হান রাজুকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র উপজেলা কৃষি অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।