সারাদেশ

পিরোজপুরে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

আকতার   পিরোজপুর প্রতিনিধি

২০ মার্চ ২০২৬


| ছবি: 


পিরোজপুর প্রতিনিধিঃ- 

পিরোজপুর সদর উপজেলায় এক ব্যবসায়ীকে মারধর করে প্রায় ৯ লাখ ৯৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো: রাজ্জাক শেখ (১৯ মার্চ) রাতে পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মরিচাল এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো. রাজ্জাক শেখ (৪০) গত ১৯ মার্চ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে রানীপুর বাইপাস মোড়ে একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় তিনি তার কর্মচারীদের টাকা দেওয়ার জন্য নগদ ৯ লাখ ৯৫ হাজার টাকা সঙ্গে রাখেন।

এসময় অভিযুক্ত রাজু ফকির (৩৮), নাঈম ফকির (২৬), মো. রনি (২৫)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে দেশীয় অস্ত্রসহ দোকানে প্রবেশ করে। তারা কোনো কারণ ছাড়াই রাজ্জাক শেখকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরবর্তীতে অভিযুক্তরা ভয়ভীতি দেখিয়ে তার ব্যাগে থাকা ব্যবসার নগদ ৯ লাখ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।

স্থানীয় লোকজনের সহায়তায় আহত রাজ্জাক শেখকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি সুস্থ হয়ে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ হাসান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।