জাতীয়

২০৩০ সালের মধ্যে রপ্তানিমুখী হবে পোল্ট্রি খাত: সুলতান সালাউদ্দিন টুকু

আকতার   নিউজ ডেস্ক

১৯ এপ্রিল ২০২৬


| ছবি: 

আগামী ২০৩০ সালের মধ্যে দেশের পোল্ট্রি খাতকে রপ্তানিমুখী পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রাণিসম্পদ খাত নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে পোল্ট্রি খাতের ক্ষুদ্র খামারিরা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। প্রতিটি ডিম উৎপাদনে প্রায় ৯ টাকা খরচ হলেও খামারিরা তা ৭ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন। প্রতিটি ডিমে ২ টাকা লোকসান হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, এই সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। তিনি সতর্ক করে বলেন, "ক্ষুদ্র খামারিদের টিকিয়ে রাখা জরুরি; তারা না থাকলে বড় খামারিরাও টিকে থাকতে পারবে না।"ভ্যাকসিন আমদানির বিষয়ে প্রতিমন্ত্রী আমদানিকারকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। এছাড়া পোল্ট্রি ফিড, বাচ্চা উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি স্তরে 'উইন-উইন' পরিস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি, যাতে সাধারণ ভোক্তার ওপর অতিরিক্ত মূল্যের চাপ না পড়ে।বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, সরকার খামারিদের শতভাগ সহযোগিতা দিতে প্রস্তুত। বিশেষ করে বাজার ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে কাজ করছে মন্ত্রণালয়।বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিলের (BPICC) সভাপতি মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার সভাপতি শামসুল আরেফিন খালেদ। অনুষ্ঠানে ফিড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আনোয়ারুল হক স্বাগত বক্তব্য প্রদান করেন।