সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

জাতীয়

'হাসপাতালের জরুরি বিভাগের সামনে পুলিশি বেষ্টনী'

আকতার   নিউজ ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬


| ছবি: 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনার জেরে হাসপাতালের জরুরি বিভাগের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা।প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনার সূত্রপাত হয়। অভিযোগ উঠেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও অমর একুশে হলের আবাসিক ছাত্র সানিমকে ঢামেকের কয়েকজন চিকিৎসক মিলে মারধর করেন।সানিমের ওপর হামলার খবর ঢাবি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে অমর একুশে হলের একদল শিক্ষার্থী হাসপাতালের জরুরি বিভাগে যান। সেখানে উপস্থিত চিকিৎসকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। এক পক্ষ জরুরি বিভাগের ভেতরে অবস্থান নিলে অন্য পক্ষ বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।উদ্ভূত পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে জরুরি বিভাগের সব গেট বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, জরুরি বিভাগের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে চিকিৎসকদের বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন। অন্যদিকে, হাসপাতালের ভেতরে অবস্থান নিয়েছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুলসংখ্যক পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে এখনো উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা ঢাবি প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।জরুরি বিভাগ বন্ধ থাকায় ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা ফিরে যাচ্ছেন অথবা অ্যাম্বুলেন্সেই অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন।