জাতীয়

সংসদে জুলাই সনদ ও গণভোট নিয়ে আগে আলোচনার দাবি নাহিদ ইসলাম

আকতার   নিউজ ডেস্ক

২৯ মার্চ ২০২৬


| ছবি: 

সংসদে জুলাই সনদ ও গণভোট নিয়ে আগে আলোচনার দাবি নাহিদ ইসলামের
জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে ‘গণভোট’ এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনার অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হলে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন।
সংসদ অধিবেশনে নাহিদ ইসলাম বলেন, "আমরা আপনার (ডেপুটি স্পিকার) প্রতি এবং এই হাউজের প্রতি আবেদন জানাচ্ছি যে জনগুরুত্বপূর্ণ ইস্যু—গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে যেন আগে আলোচনা হয়। এটি আমাদের বিশেষ অনুরোধ।"
তিনি আরও যোগ করেন, সংসদের দৈনন্দিন রুটিন মাফিক কাজের চেয়ে জুলাই সনদ ও গণভোটের বিষয়টি অধিক গুরুত্বের দাবি রাখে। বিরোধীদলীয় নেতা এ বিষয়ে যথাযথ বিধি মোতাবেক নোটিশ প্রদান করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
নাহিদ ইসলামের প্রস্তাবের প্রেক্ষিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, বিধি অনুযায়ী গুরুত্বপূর্ণ কোনো বিষয় আলোচনার টেবিলে আসলে সাধারণত সেগুলোর ওপর আলোকপাত করা হয়।
তিনি বলেন, "এ ধরনের আলোচনার জন্য দুই ঘণ্টা সময় নির্ধারিত আছে। ৭১ বিধির কার্যক্রম শেষ হওয়ার পর আপনার এই নোটিশের ব্যাপারে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।"
এদিন অধিবেশনে বক্তারা সংসদকে ইনসাফ ও ন্যায়বিচারের ভিত্তিতে পরিচালনার ওপর জোর দেন। ডেপুটি স্পিকার মন্তব্য করেন যে, সংসদ যদি ইনসাফের ভিত্তিতে পরিচালিত হয়, তবে গোটা দেশেই ইনসাফ কায়েম করা সম্ভব হবে।