জাতীয়

শাহজালালে বিমানের টয়লেট থেকে ১৮ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্য ৩৮ কোটি

আকতার   কুমিল্লা প্রতিনিধি

২৯ মার্চ ২০২৬


| ছবি: 

শাহজালালে বিমানের টয়লেট থেকে ১৮ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্য ৩৮ কোটি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো হোল্ডের টয়লেট থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়েছে। যৌথ অভিযানে ১৫৩টি সোনার বার জব্দ করা হয়, যার মোট ওজন ১৭ কেজি ৭৮৪ গ্রাম (প্রায় ১৮ কেজি)। উদ্ধারকৃত এই সোনার আনুমানিক বাজারমূল্য ৩৮ কোটি টাকা।
রোববার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৪৮ শাহজালালে অবতরণ করে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বিমানটিকে সার্বক্ষণিক নজরদারিতে রাখে। বিমানটি রানওয়েতে নামার পরপরই এভসেক সদস্যদের সমন্বয়ে একটি যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কর্মকর্তারা বিমানের কার্গো হোল্ডে নিবিড় তল্লাশি চালান। তল্লাশির এক পর্যায়ে কার্গো হোল্ডের ভেতরে অবস্থিত একটি টয়লেটের প্যানেল খুলে ভেতরে সাদা কাপড়ে নিখুঁতভাবে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়। কর্মকর্তারা সেগুলো গুনে দেখেন সেখানে মোট ১৫৩টি সোনার বার রয়েছে, যার প্রতিটির ওজন ১১৬ গ্রাম।
এভসেক জানিয়েছে, এই বিশাল পরিমাণ সোনা চোরাচালানের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো এরই মধ্যে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু করেছে। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।